২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশল ও স্থাপত্য শিল্পে অবদানে ‘মুক্ত আকাশ সম্মাননা’ প্রদান

প্রকৌশল ও স্থাপত্য শিল্পে বিশেষ অবদানের জন্যে ছয় ব্যক্তিত্ব ‘মুক্ত আকাশ সম্মাননা’ পুরস্কার পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 11:15 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে ‘গ্রামীণ-নগরীয় আবাসন: বাস্তবতা ও করণীয় শীর্ষক সেমিনার ও মুক্ত আকাশ সম্মাননা-২০১৬’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ড (বিপিআরবি) ও ম্যাগাজিন প্রতিষ্ঠান ‘মুক্ত আকাশ’ আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থপতি ও প্রকৌশলী ছয়জনের হাতে সম্মাননা তুলে দেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

মুক্ত আকাশ সম্মাননা পাওয়া প্রকৌশলী ও স্থপতিরা হলেন-  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রকৌশলী ইমাম উদ্দীন আহমেদ, বুয়েট-এর সাবেক উপাচার্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক প্রকৌশলী ওয়াহীদউদ্দীন আহমেদ, বুয়েট ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর সাবেক উপাচার্য অধ্যাপক প্রকৌশলী আব্দুল মতিন পাটোয়ারী, ডিজাইন প্ল্যানিং ম্যানেজমেন্টের (ডিপিএম) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এ সোবহান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট-এর সাবেক সভাপতি স্থপতি খাদেম আলী ও ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্থপতি লাইলুন নাহার একরাম।

প্রকৌশল, স্থাপনা ও আবাসন সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত মাসিক ম্যাগাজিন মুক্ত আকাশ ২০১৪ থেকে পেশাগত ক্ষেত্রে অনন্য অবদানের জন্যে মুক্ত আকাশ সম্মাননা দিয়ে আসছে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন প্রকৌশলী ও স্থপতিদের ‘দেশের উন্নয়নের রূপকার’ মন্তব্য করে বলেন, “আমি নিজে একজন প্রকৌশলী; রাজনীতিবিদ থেকে প্রকৌশলী পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন বুয়েটের সাবেক উপাচার্য বর্তমান বিপিইআরবি ও চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী আব্দুল আউয়াল।

এছাড়াও অনুষ্ঠানে দেশের প্রবীণ ও নবীন প্রকৌশলী ও স্থপতিসহ প্রফেশনাল ইঞ্জিনিয়ার, সংশ্লিষ্ট পেশাজীবীরা  উপস্থিত ছিলেন।