বাসাবোতে ছিনতাইয়ের শিকার বিডিনিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক
রাজধানীর বাসাবোতে বাসার সামনে ছিনতায়ের শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক দেবাশীষ দেব।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বাসাবোর আহমেদবাগ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা মানিব্যাগ, দুটি মোবাইল ফোন ও হাতে থাকা দুটি সোনার আংটি ছিনিয়ে নেয় বলে জানান দেবাশীষ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েকে নিয়ে রিকশায় করে আহমেদবাগের বাসায় ফিরছিলাম। বাসার সামনে এসে ভাড়া দেওয়ার সময় তিন যুবক আমাকে ঘিরে ধরার পর মেরে ফেলার হুমকি দিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে।
“এ কথা বলার সঙ্গে আমার দুই পকেটে হাত দিয়ে মানিব্যাগ, দুটি মোবাইল ফোন ও হাতে থাকা সোনার আংটিটি ছিনিয়ে নিয়ে দ্রুত সরে যায় তারা।”
তার মানি ব্যাগে নগদ টাকা ছাড়াও এটিএম কার্ড, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পরিচয়পত্র ও প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র ছিল জানান সাংবাদিক দেবাশীষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই জ্যেষ্ঠ সহ-সম্পাদক জানান, ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় রাতেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
