বাংলাদেশে থাকা ১০০০-৫০০ রুপির নোট এখন মূল্যহীন
প্রতিবেশী দেশ ভারতে যাতায়াতের সুবাদে অনেকের হাতেই দেশটির মুদ্রা রয়েছে, কিন্তু দেশটির সরকার আকস্মিক এক সিদ্ধান্তে ৫০০ ও ১ হাজার মূল্যমানের নোট বাতিল করায় এদেশেও তা মূল্যহীন হয়ে পড়েছে।
ভারতীয়রা নিজ দেশে ১ হাজার ও ৫০০ রুপির নোট বদলে নিতে পারলেও বাংলাদেশি যাদের হাতে এই দুই মূল্যমানের নোট রয়েছে, তাদের সেই সুযোগ নেই।
এই অর্থ ‘অবৈধ অর্থ’ হিসেবেই দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা।
জাল নোট এবং কালো রুপির বিস্তার রোধের কারণ দেখিয়ে মঙ্গলবার ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঘোষণা অনুযায়ী, পর্যটকেরা ভারতের যে কোনো ব্যাংকে গিয়ে ১১ নভেম্বর তারিখের পর নির্ধারিত ফরম নিয়ে তা পূরণ করে রুপি পরিবর্তন করে নিতে পারবেন। ৩০ ডিসেম্বরের পর শুধু রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাতিল হওয়া নোট নেবে।
ভারতে যেতে-ফিরতে পাসপোর্টে রুপি এনডোর্সের কোনো সুযোগ না থাকলেও অনেকেই রুপি নিয়ে যান এবং নিয়েও আসেন। দু’দেশের মধ্যকার সীমান্ত হাটেও সরাসরি বাংলাদেশ-ভারতের নোট লেনদেন হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু পাসপোর্টে রুপি এনডোর্স করা হয় না, তাই যাদের কাছে এখন যে রুপি রাখা আছে, তার কোনো রেকর্ড নেই।
“তারা এখন আর ভারতে যাওয়ার পথে বিমানবন্দর থেকে মুদ্রা পরিবর্তন করতে পারবেন না। বাংলাদেশের ভেতরে এই রুপি পরিবর্তনের আর কোনো সুযোগ নেই।”
যাদের কাছে ১ হাজার ও ৫০০ রুপির নোট রয়েছে, তাদের বিষয়ে তিনি বলেন, “যে কোনো কারণে কারও কাছে ভারত সরকার কর্তক বাতিলকৃত ৫০০ ও ১০০০ রুপির নোট থাকলে তার আর কোনো মূল্য নেই। সেই অর্থ এখন অবৈধ।”
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কাছে বেশ কয়েক হাজার ভারতীয় রুপি আছে। এর মধ্যে ৫০০ রুপির নোটও আছে। তিনি এই টাকা কীভাবে পরিবর্তন করবেন, বুঝতে পারছেন না।
এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কিছু করার নেই বলে জানান মুখপাত্র।
নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি এক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা হাতে রুপি রেখেছেন, অর্থাৎ ৫০০ বা ১০০০ নোটের রুপি, দেশের কোনো জায়গা থেকে এ রুপি পরিবর্তন করার কোনো উপায় নেই।”
মানি এক্সচেঞ্জগুলোও বন্ধ রেখেছে ভারতীয় রুপির কেনাবেচা। বাতিল হওয়ার খবরে গত বুধ ও বৃহস্পতিবার অনেকেই ৫০০ ও ১০০০ রুপির ভারতীয় নোট নিয়ে ব্যাংক, মানি চেঞ্জার ও খোলাবাজারে ভিড় করেছিলেন। কিন্তু তাদের নিরাশ হতে হয়েছে।
মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোস্তফা খান বলেন, “৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের খবরে আমরা ভারতীয় নোট কেনাবেচা বন্ধ রেখেছি। অনেকে ৫০০ ও ১০০০ রুপির নোট পরিবর্তনের জন্য নিয়ে আসছে। আমরা তাদের ফিরিয়ে দিচ্ছি।”
মানি চেঞ্জার ও খোলাবাজারের নোট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশে বৈধ উপায়ে কোনো ভারতীয় নোট না আসায় ফেরতও যাবে না। বিষয়টি মাথায় রেখে তারা সীমান্ত এলাকায় যোগাযোগ করে বাতিল হওয়া নোট ভারতে পাঠানোর পথ খোঁজার চেষ্টা করছেন। ভারতে পাঠানোর পথ খুঁজে পেলেই ৫০০ ও ১০০০ রুপির নোট কেনা শুরু করবেন। তবে এ ক্ষেত্রে ঝুঁকি থাকায় দাম কমে অর্ধেক হয়ে যেতে পারে।
ব্যক্তির জন্য না হলেও ব্যাংকগুলোর কাছে ৫০০ ও ১ হাজার রুপির যে নোট রয়েছে সেগুলো বিনিময় (এক্সেচঞ্জ) করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে শুভঙ্কর সাহা বলেন, “আমরা (কেন্দ্রীয় ব্যাংক) পর্যবেক্ষণ করছি। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা হচ্ছে, তারা যেভাবে বলবেন সেভাবেই এক্সচেঞ্জ বা বিনিময় করা হবে।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৫০০ ও ১ হাজার মূল্যমানের ১১ লাখ রুপি রয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের কাছে আছে ৪ লাখ রুপি। অগ্রণী ও রূপালী ব্যাংকের কাছে আছে ৩ লাখ রুপি করে। বাকি এক লাখ আছে জনতা ব্যাংকের কাছে।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংকককে সব রুপি সোনালী ব্যাংকে জমা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক শিলিগুড়ি শাখার মাধ্যমে ওই অর্থ এক্সচেঞ্জ করার চেষ্টা করবে।
