সংযোগ যেন ৭ দিনের মধ্যে লাগে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আমলাতান্ত্রিক বৃত্ত থেকে বেরিয়ে এসে আবেদন পাওয়ার সাত দিনের মধ্যে গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছাতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (ডেসকো) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ডেসকোর আইএসও সনদ প্রাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে গ্রাহক সেবা বাড়াতেও দেশের প্রথম বিদ্যুৎ বিতরণ কোম্পানিটিকে নির্দেশনা দেন তিনি।
ডেসকোর বিদ্যুৎ সংযোগ পেতে ১১ ধরনের কাগজপত্র জমা দেওয়ার তথ্য তুল ধরে বিপু বলেন, “কী কী কাগজপত্র লাগে, সেই তালিকা দেখে আমি নিজেও ঘাবড়ে গেছি। আমি তো জানতাম না যে এটা অদ্ভুত ব্যাপার।”
যেসব কাগজপত্র জমা দিতে হয় সেগুলোর নাম পড়ে প্রতিমন্ত্রী বলেন, “বোঝেন কী অবস্থা? একটা সাধারণ লোক যদি সত্যিকারভাবে এই জিনিস করতে যায়…।
“একটা সিস্টেম বের করতে হবে। অনলাইনে যাব, এক পাতার একটি ফরম ফিলাম করব। সাত দিনের মধ্যে বিদ্যুৎ পাবেন গ্রাহকরা, আমি চাই এমন একটি ব্যবস্থা। কত দ্রুত দিতে পারেন সেটা আমাকে বলতে হবে।”
সংযোগপ্রত্যাশী যে কারও ওই কাগজপত্র জোগাড় করতে দিনের পর দিন লেগে যাওয়ার বাস্তব পরিস্থিতি তুলে ধরেন প্রতিমন্ত্রী।
“জমির দলিল দিল সেটা আসল কি নকল, সেটা বের করতে করতেই তো সর্বনাশ হয়ে যাবে। মিউটিশন আসল কি নকল, বের করবেন কেমনে? ইন্সপেক্টরের কাছ থেকে উনার সার্টিফেকেট আনতে তো লাগবে দুই মাস। এই যে ব্যুরোক্রেসি এটা বন্ধ করতে হবে।”
“এক্সসেস টু ইলেকট্রিসিটি- উন্নত দেশে এক দিন লাগে আর আমাদের দেশে লাগে চারশ দিন। পার্থক্যটা আপনারা বুঝতে পারেন আমরা কোথায় আছি?”
প্রতিযোগিতা না থাকায় বিদ্যুৎ বিতরণ খাতে সেবার মান বাড়ছে না বলেও মন্তব্য করেন নসরুল।
“মোবাইল ফোনের মতো যদি একই এলাকায় কয়েকটা কোম্পানি থাকত, তাহলে আপনাদের কাস্টমার সার্ভিসটা আরও জোরাল হত।”
ডেসকোর অর্গানোগ্রামে কাস্টমার সার্ভিস সেল না থাকার তথ্য তুলে ধরে তিনি বলেন, “আমি জানি কাস্টমার সার্ভিসের জন্য ডিপিডিসিতে প্রস্তুতি চলছে, এটাকে দ্রুত শেষ করতে হবে। গ্রাহকদের সেবা দেওয়ার জন্য ডেসকোর ইউনিক নাম্বার থাকা উচিত, একটা অ্যাপও করতে হবে।
“আইটিতে আরও দ্রুত আগাতে হবে। প্রি-পেইডে যাচ্ছেন, ভবিষ্যতে স্মার্ট মিটারে যেতে হবে কারণ আমরা অনলাইনে মিটারিং করতে চাই, বিল নিতে চাই।”
বিদ্যুতের বিল বেশি আসা নিয়েই গ্রাহকদের অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্রাহক কোন মাসে কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন, বিদ্যুৎ বিলে সেই ইনডিকেটর থাকলে গ্রাহক সচেতন হতে পারেন।
গ্রাহকদের অভিযোগ নিয়ে তাতে সাড়া দেওয়া এবং ছয় মাসে একবার গ্রাহকদের কাছ থেকে সেবার মূল্যায়ন নেওয়ারও পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে দেখানো ভিডিও প্রেজেনটেশনে কোনো গ্রাহকের বক্তব্য না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
“আপনাদের কনসেপশনটাই আপনারা আলাদা করে ফেলেছেন। এটা যদি একটা প্রাইভেট কোম্পানি হত, তবে কনসেপটাই তৈরি হতে কাস্টমারকে ঘিরে। যেহেতু আপনারা একদম ব্যুরোক্রেসির মধ্যে এখনও রয়ে গেছেন, মনে করছেন আমরাই সব, এ জায়গা থেকে বেরুতে হবে।”
ডেসকোতে ১০ জনের জায়গায় ৫০ জন আছে কি না সেই অ্যাসেসমন্ট করতেও কোম্পানিকে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “স্টোরে এত পরিমাণ কিনে রেখেছেন সেটার কোনো হিসেব নাই, চেক অ্যান্ড ব্যালেন্স নাই। গোডাউনে গেলে দেখা যায় তার পরে আছে, হাজার হাজার মিটার পড়ে আছে, সেটার কোনো হিসাব নাই। সব খবর আমার কাছে আছে। এসব জিনিস ঠিক করতে হবে, জবাবদিহির মধ্যে আনতে হবে।”
অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ডেসকোর কর্মকর্তাদের হাতে আইএসও সনদটি হস্তান্তর করা হয়। গত ২৬ অগাস্ট এই সনদ পায় ডেসকো।
ডেসকোর চেয়ারম্যান মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিচার্স কাউন্সিলের চেয়ারম্যান আহমেদ কায়কাউস বক্তব্য দেন।
