বেসিক ব্যাংক কেলেঙ্কারি: তাজউদ্দিনকে আত্মসমর্পণের নির্দেশ
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনকে তিন দিনের (সোমবার) মধ্যে ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট এ মামলায় জামিন দিয়েছিল। আপিল বিভাগ আগামী সোমবারের মধ্যে তাজউদ্দিনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।”
বেসিক ব্যাংকে ঋণ জাতিয়াতির অভিযোগে ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় এ মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে ৪৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকার অনিয়মের অভিযোগ আনা হয়।
গত ২৬ সেপ্টেম্বর হাই কোর্টের একটি বেঞ্চ তাজউদ্দিনকে জামিন দেয়। দুদকের আবেদনে গত ১৬ অক্টোবর চেম্বার আদালত চার সপ্তাহের জন্য জামিন স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।
