যুদ্ধাপরাধ: বাগেরহাটের ১৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে তিন মাস সময়
মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের আকরাম খানসহ ১৩ জনের বিরুদ্ধে আগামী বছরের ৬ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে গ্রেপ্তার হওয়া চার আসামিকে তদন্ত সংস্থার সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বুধবার ট্রাইব্যুনালে এ মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার পাশাপাশি তদন্ত প্রতিবেদনের জন্য তিনমাস সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শুনানি শেষে তদন্ত প্রতিবেদন জমার নতুন এ দিন ঠিক করে দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নি।
গ্রেপ্তার চার আসামির মধ্যে আকরাম খান ও সৈয়দ মো. উকিল উদ্দিনের পক্ষে শুনানিতে অংশ নেন গাজী তামিম ও মো. পারভেজ। অপর দুই আসামি হলেন রুস্তম আলী মোল্লা ও মো. মকবুল মোল্লা।
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবিনা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “তদন্ত প্রতিবেদনের জন্য আমরা তিনমাস সময় আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আগামী বছরের ৬ ফেব্রুয়ারির মধ্যে তা দিতে বলেছেন।
“এছাড়া মামলার তদন্তের সার্থে গ্রেপ্তার চার আসামিকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটিরও অনুমতি দিয়েছেন। আগামী ২০-২১ নভেম্বর দু’দিন জিজ্ঞাসাবাদ করা হবে।”
এ মামলায় পলাতক অন্য আসামিরা হলেন, আশ্রাব খান (৬৫), সুলতান আলী খান (৫৮), ইদ্রিস আলী মোল্লা (৬৩), মোকসেদ আলী দিদার (৮৩), শেখ ইদ্রিস আলী (৬১), শেখ রফিকুল ইসলাম ওরফে বাবুল (৫৪), মো. মনিরুজ্জামান হাওলাদার (৬৯), মো. হাসেম আলী শেখ (৭৯) ও মো. আজাহার আলী সিকদার (৬৪)।
এর আগে গত ১৬ জুলাই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১। পরোয়ানা জারির দিনই চার আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
