২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলছে সংখ্যালঘু নির্যাতন, রাষ্ট্র নির্লিপ্ত: উদীচী

‘জাতিগত শুদ্ধি অভিযানের’ নামে সংখ্যাগুরু সম্প্রদায়ের একটি অংশ বাংলাদেশ থেকে ‘তথাকথিত সংখ্যালঘুদের’ বিতাড়নের ‘ষড়যন্ত্রে’ লিপ্ত হয়েছে অভিযোগ করে রাষ্ট্র ও সরকারের ‘নির্লিপ্ত’ ভূমিকায় ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 09:00 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

বুধবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগ মোড়ে এক বিক্ষোভ সমাবেশ করে এ অভিযোগ করে সাংস্কৃতিক সংগঠনটি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ, দিনাজপুর এবং রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে আদিবাসী জনগোষ্ঠীকে বসতি থেকে উচ্ছেদ, তাদের উপর নির্যাতন এবং অন্যায্য হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করে উদীচী।

উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য এবং কানাডা সংসদের সহ-সভাপতি আজিজুল মালিক-এর সভাপতিত্বে সমাবেশে উদীচী ঢাকা মহানগর সংসদ এবং এর অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা সংসদের নেতা-কর্মীরা অংশ নেন।

আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সোরেন বলেন, “স্বাধীন বাংলাদেশে বাঙালিদের পাশাপাশি সকল আদিবাসী জনগোষ্ঠীর নিজ নিজ ভূমিতে স্বাধীনভাবে বসবাস করার অধিকার রয়েছে। কিন্তু, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের উপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে যা নিঃসন্দেহে ঘৃণ্য।”

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা-ফার্ম এলাকায় ৬ নভেম্বর পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আদিবাসী সাঁওতাল পল্লীতে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় দুজন নিহত হওয়া ছাড়াও বেশ কয়েকজন গুরুতর আহত হয়।  

সেদিন প্রায় ছয়শ ঘর ও বিদ্যালয়ে অগ্নিসংযোগ করা হয়, যার ফলে অন্তত আড়াই হাজার পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে বলে সমাবেশে বলেন উদীচীর বক্তারা।

শুধু গোবিন্দগঞ্জ নয়, দিনাজপুর ও রংপুরেও আদিবাসীদের উপর নির্যাতনের সংবাদ পাওয়া গেছে। কিছুদিন আগে রাজধানীর গুলশানে এক আদিবাসী তরুণীকে ধর্ষণ করা হয়েছে। এসব হামলার সাথে জড়িতদের চিহ্নিত করা এবং তাদের শাস্তি নিশ্চিতের ব্যাপারে ‘অদ্ভূত কারণে’ প্রশাসনের পক্ষ থেকে ‘কার্যকর পদক্ষেপ’ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন উদীচীর নেতারা।

উদীচীর সমাবেশে সংহতি জানাতে এসে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, “দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে আদিবাসীদের উপর পাহাড়ে-সমতলে হামলা-নির্যাতন চালানো হলেও তা প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।  

“এবার কী হল? পুলিশের উপস্থিতিতেই আদিবাসীদের উপর হামলা হল।  রাষ্ট্র আজ কোথায় দাঁড়িয়ে আছে? মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তো এই চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।”

পরে তিনি ‘মানবাধিকার লঙ্ঘন’ হয়েছে ইস্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

আদিবাসী নির্যাতনের ঘটনায় রাষ্ট্রের ভূমিকায় ক্ষুব্ধ উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, “জাতিগত শুদ্ধি অভিযানের’ নামে সংখ্যাগুরু সম্প্রদায়ের একটি অংশ বাংলাদেশ থেকে তথাকথিত সংখ্যালঘুদের বিতাড়নের ষড়যন্ত্রে লিপ্ত হলেও রাষ্ট্র ও সরকার আজ নির্লিপ্ত।”

সংবিধানে আদিবাসী ইস্যুটির ‘সুরাহা’ না হওয়ায় ক্ষোভ জানিয়ে তিনি সংবিধান সংশোধন করে আদিবাসীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানেরও দাবি জানান।

স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের পরিসংখ্যান তুলে ধরে তিনি অভিযোগ করেন, “পঁচাত্তর পরবর্তী সময়েও বাংলাদেশে ২৫ ভাগ ভিন্ন ধর্মাবলম্বী মানুষ ছিল। কিন্তু এখন তা নেমে এসেছে ৮ শতাংশে। 

“ক্রমাগত নির্যাতন, হুমকি—সব মিলিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছেন তারা। আজ প্রশ্ন উঠেছে, এ দেশে এখনও যারা আছেন, তারা কি সত্যি থাকতে পারবেন?”

গাইবান্ধার আদিবাসী নির্যাতনের ঘটনাকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলা, ধ্বংসযজ্ঞের ঘটনাক্রম বলে মনে করছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান।

“সরকার বলছে, এসব ঘটনা বিচ্ছিন্ন ঘটনা।  কিন্তু এমনটি তো নয়। এসব ঘটনা কোনো কাকতালীয় ঘটনাও নয়।  আমরা যদি মনে করি, গাইবান্ধার ঘটনার পর আর কোনো হামলা হবে না,  এমনটি ভেবে বসে থাকলে চলবে না।  এমন ঘটনায় রাষ্ট্র যখন নির্বিকার, তখন সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।”

প্রতিবাদী সমাবেশে সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।