২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে সুবিধা বঞ্চিতদের জন্য স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্বোধন

‘গুলশান সোসাইটি’ এবং যুক্তরাষ্ট্রের দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান ‘হেলথ অন হুইল’ যৌথভাবে সুবিধা বঞ্চিতদের জন্য ‘স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্যবীমা’ নামের একটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রদিবেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 08:33 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বুধবার গুলশানের লেকপার্ক চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রকল্পের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও গুলশান সোসাইটির সভাপতি এটিএম শামসুল হুদা এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের মাধ্যমে গুলশান সোসাইটির তালিকাভুক্ত ১২০০ রিকশা চালককে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। প্রথম তিন মাস এটি একটি পাইলট প্রকল্প হিসেবে পরিচালিত হবে।

এরপর আাগামী জানুয়ারী মাস থেকে একজন রিকশা চালককে দৈনিক ২০ টাকা জমা দিয়ে স্বাস্থ্যবীমার আওতায় আসতে পারবে। যারা দৈনিক ২০ টাকা জমা দিয়ে তালিকাভুক্ত হবে তাদের পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানের অতিথি মেয়র আনিসুল হক বলেন, “সুবিধা বঞ্চিতদের জন্য স্বাস্থ্য সেবা নিঃস্বন্দেহে একটি মহান উদ্যোগ। সবাইকে স্বাস্থ্য সেবার আওতায় আনতে এ উদ্যোগ সারা ঢাকা শহরে ছড়িয়ে দেওয়া উচিত।”

গুলশান সোসাইটির মতো অন্যান্য সংগঠনকে সুবিধা বঞ্চিতদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাদেরকে সবাত্মক সহযোগিতা করার কথাও বলেন ঢাকা উত্তরের এই মেয়র।

সভাপতির বক্তব্যে এটিএম শামসুল হুদা বলেন, “গুলশান সোসাইটি শুধু একটি ধনীদের সংগঠন নয়, এটি সুবিধা বঞ্চিত গরীব মানুষের স্বাস্থ্য সেবায় এগিয়ে এসেছে।”

এ প্রকল্পের মাধ্যমে গুলশানের ১২০০ রিকশাচালকের পরিবারের স্বাস্থ্যবীমা নিশ্চিত করার পর তাদের সন্তানদের পড়াশুনার দায়িত্ব নেওয়ার পরিকল্পনাও তাদের রয়েছে বলে জানান সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার।