ঢাকায় আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু ৩ ডিসেম্বর
বিভিন্ন দেশের স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র নিয়ে ঢাকায় আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আটদিনের আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব।
বুধবার বিকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এই ১৪তম আসরের ঘোষণা দেয় বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।
সংবাদ সম্মেলনে উৎসব পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী জানান, এবারের উৎসবের জন্য মোট ২ হাজার ৫৬৭টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে ১০৮টি দেশের পাঁচ শতাধিক চলচ্চিত্র এতে প্রদর্শিত হবে।
সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন এবারের উৎসবের মূল ভেন্যু। এছাড়াও জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন এবং শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আয়োজকরা জানান, এবারের উৎসবে অস্কারে মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কান, সানড্যান্স, টিফ, ওবারহাওজেন, বার্লিন, রোখারনো, বুসানসহ বিশ্বের আলোচিত সব চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।
উৎসবে আলমগীর কবির মেমোরিয়াল কবির মেমোরিয়াল লেকচার প্রদান করবেন চীনের চলচ্চিত্রকার ড. শি ফি। এছাড়াও দুইটি মাস্টার ক্লাসের অংশ পরিচালনা করবেন ভেনিজুয়েলার আতাহুয়ালপা লিচি ও ইন্দোনেশিয়ার গ্যারিন নুগগ্রহো।
এছাড়াও ৫টি বিশেষ প্যাকেজ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্যাকেজগুলোর মধ্যে রয়েছে ডক-লিপজিক অ্যানিমাডক চলচ্চিত্র, পোলিশ অ্যানিমেশন চলচ্চিত্র, লাতিন আমেরিকা চলচ্চিত্র, এইট সিস্টারস চলচ্চিত্র ও বেইজিং ফিল্ম একাডেমি চলচ্চিত্র।
১৯৮৬ সালের অগাস্ট মাসে ‘বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম’ প্রতিষ্ঠা হয়। এটি বাংলাদেশের একমাত্র স্বাধীন ধারার চলচ্চিত্রকারদের সংগঠন। এ বছর বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ৩০ বছরে পদার্পণ করেছে।
১৯৮৮ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম উপমহাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। ২৮ বছর যাবৎ এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে।
২০১৬ সালের ১৪তম আসরে উৎসব কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং উৎসব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ ইমরান হোসেন কিরমানী।
