দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করবে ঢাকা-কলকাতা
জনগণের কল্যাণে দুর্যোগ ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সরকার।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের দমকল, জরুরি পরিষেবা ও বেসামরিক পরিষেবামন্ত্রী জাবেদ আহমেদ খানের সঙ্গে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগ সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন দুই মন্ত্রী।
দুর্যোগ ঝুঁকি কমাতে তারা গৃহীত পদক্ষেপ পরস্পরকে অবহিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগের আগাম বার্তার তথ্য জানার সঙ্গে সঙ্গে পরস্পরকে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়ার হাতিয়ার হিসেবে সুন্দরবনকে উল্লেখ করে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় সমন্বিত পদক্ষেপ নিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী বাংলাদেশের মন্ত্রীকে অনুরোধ করেন।
এ বিষয়ে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করলে প্রতিনিধি দল বিনিমিয়ের সিদ্ধান্ত হয়।
পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) পরিদর্শন করে মন্ত্রী মায়া সেখানে বাংলাদেশের কর্মকর্তাদের দুর্যোগ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব জানালে পশ্চিমবঙ্গের মন্ত্রী তাতে আশ্বাস দেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের প্রধান সচিব এস সুরেশ কুমার, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
