ট্রাম্পকে রাষ্ট্রপতি আবদুল হামিদের অভিনন্দন
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এক অভিনন্দন বার্তায় আবদুল হামিদ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি আশা করেন, ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
ট্রাম্পের শাসনামলে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও আশা করে রাষ্ট্রপতি।
কোনো রাজনৈতিক দায়িত্বের অভিজ্ঞতা না থাকা ট্রাম্প মঙ্গলবারের নির্বাচনে হোয়াইট হাউজে যাওয়া নিশ্চিত করার পথে হারিয়েছেন সাবেক ফার্স্টলেডি ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যে ২৭০টি পেলেই চলে। সর্বশেষ প্রাপ্ত ফলে ট্রাম্প জিতে নিয়েছেন ২৯০ ভোট। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি পেয়েছেন ২১৮ ভোট।
