‘নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিনিয়োগের আদর্শ ক্ষেত্র বাংলাদেশ’
নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিনিয়োগের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, “বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। সৌরশক্তি উৎপাদনের বিনিয়োগের জন্য সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে।
“সেক্ষেত্রে বাংলাদেশ নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিনিয়োগের জন্য আদর্শ ক্ষেত্র হতে পারে।“
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে সৌরপার্কের রোডম্যাপ’ শীর্ষক দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট এবং চীনের সোলারল্যান্ড, হুয়াই।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ খাতের ‘ব্যাপক উন্নয়ন’ হয়েছে মন্তব্য করে তার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, নবায়নযোগ্য শক্তি ও সৌরশক্তির উৎপাদন, উন্নয়ন ও সম্প্রসারণে বর্তমান সরকার ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছে।
“নবায়নযোগ্য শক্তি ও সৌরশক্তির উন্নয়নে অমাদের একসাথে কাজ করতে হবে। বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র সম্প্রসারিত করতে হবে। নবায়নযোগ্য শক্তি বিষয়ে সরকার বিভিন্ন আইন প্রণয়ন ও গবেষণায় সহায়তার জন্য বিভিন্ন প্রণোদনা চালু করছে।”
বাংলাদেশ নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিনিয়োগ বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের সোলারল্যান্ড, হুয়াই কর্তৃপক্ষ আরো কার্যকরী ভূমিকা পালন করতে পারে বরে মন্তব্য করেন তিনি।
চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের মধুর সম্পর্ক রয়েছে মন্তব্য করে বাংলাদেশে সৌরশক্তির উন্নয়ন ও প্রসারে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের সোলারল্যান্ড, হুয়াই’র এই যৌথ উদ্যোগ দুই দেশের সুসম্পর্ককে আরও জোরদার ও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
অধ্যাপক আরেফিন বলেন, “দেশের সীমারেখা থাকে, কিন্তু জ্ঞান-বিজ্ঞানের কোনো সীমারেখা নেই।”
‘জ্ঞান-বিজ্ঞানের সীমারেখা অতিক্রম করে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সৌরশক্তি বিষয়ক আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করায় সোলারল্যান্ড, হুয়াই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
নবায়নযোগ্য শক্তি বিষয়ে দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউট দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল হক।
এতে অন্যদের মধ্যে জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, আইনজীবী মো. শামসুল হক টুকু ও চীনের সোলারল্যান্ড, হুয়াই’র জেনারেল ম্যানেজার মার্টিন ই, থাম চি অন বক্তব্য দেন।
