২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাদুঘরে নতুন সংগৃহীত নিদর্শনের প্রদর্শনী শুরু

রয়েল বেঙ্গল টাইগার আর চিত্রা হরিণের চামড়া, ঢাকাই মসলিন, দুর্লভ পাণ্ডুলিপি, মুক্তিযুদ্ধের দলিল, বাহারি টুপি-এমনই সাত শতাধিক নতুন নিদর্শন নিয়ে রাজধানীর জাতীয় জাদুঘরের ২৩ নম্বর গ্যালারিতে দুই মাসব্যাপী ‘বিশেষ প্রদর্শনী’ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 12:27 AM

Updated : 25 Jul 2022, 09:32 PM

মঙ্গলবার দুপুরে এই প্রদর্শনী ও পরীক্ষামূলকভাবে জাদুঘরের ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সংস্কৃতি সচিব আকতারী মমতাজ।

উদ্বোধন শেষে আকতারী মমতাজ বলেন, “দর্শক চাহিদা বিবেচনা করে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিনিয়ত গ্যালারি সমূহের সৌন্দর্য বর্ধন করছে। জাদুঘরের নিয়মিত কার্যক্রমের প্রতিফলন ঘটেছে ২৩ নম্বর গ্যালারিতে।”

গত তিন বছরের সংগ্রহ নিয়ে আয়োজিত ‘বিশেষ প্রদর্শনী’ নিয়ে মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, “সরকারের ডিজিটাল কার্যক্রমের মূল ধারায় সংযুক্ত হতে জাদুঘর ইতোমধ্যে প্রায় ১ লক্ষ নিদর্শনের ডিজিটাল ডকুমেন্টেশন সম্পন্ন করেছে।”

ডিজিটাল টিকিট কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে জাদুঘর আরও একধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেন তিনি।

ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা জাদুঘরের অন্যতম কাজ। প্রতিনিয়ত জাদুঘর সংগ্রহ করছে নানা মাত্রিক ঐতিহ্যিক নিদর্শন। এরই ধারাবাহিকতায় গত তিন বছরে সংগৃহীত হয়েছে তিন হাজার ৯৫১টি নিদর্শন।

সংগৃহীত ওইসব নির্দশন থেকে বাছাই করা সাত শতাধিক নিদর্শন নিয়ে নতুন এই প্রদর্শনী।

সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চলতি বছর ১ নভেম্বর থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরে ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রয় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

প্রাথমিকভাবে ডিজিটাল টিকিটের বারকোড এবং বারকোড রিডারের মাধ্যমে প্রবেশ ও বাহির হওয়া নিয়ন্ত্রণ করা হবে। 

ভবিষ্যতে এই পদ্ধতিকে অনলাইন টিকেটিং ব্যবস্থায় উন্নীত করা হবে বলে জানান জাদুঘরের মহাপরিচালক।