সাংবাদিক শাকিলের ওপর হামলার বিচার দাবি
যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসানের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
এ দাবিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে মানববন্ধন করেন তারা।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেন বক্তারা।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও হুমকরি মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তারা।
পুরান ঢাকায় অবৈধ পলিথিন কারখানায় ওপর অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে রোববার হামলার শিকার হন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাপার্সন শাহিন আলম।
আট থেকে ১০ জনের একটি দল তাদেরকে মারধর করে ক্যামেরা ভেঙে ফেলে। পরে শাকিলের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এরমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানববন্ধনে বক্তব্য দেন এলআরএফ’র সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, এলআরএফ’র সাবেক সাধারণ সম্পাদক মাশহুদুল হক ও ওয়াকিল আহমেদ হিরণ, ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক মুরসালিন আহমেদ নোমানী, এলআরএফ’র সহ-সভাপতি শামীমা আক্তার, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইয়াসিন, সাবেক কোষাধ্যক্ষ হাসান জাভেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মৃধা প্রমুখ।
এলআরএফ’র সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক দিদারুল আলম।
