আ. লীগ নেতাদের নিয়ে ফেরি আটকালো ডুবোচরে
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাওয়ার পথে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডুবোচরে বেশ কিছুক্ষণ আটকা ছিলেন মাহাবুব-উল আলম হানিফসহ আওয়ামী লীগ নেতারা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রো রো ফেরি আটকে সোয়া দুই ঘণ্টা শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ খালিদ নেওয়াজ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা পৌনে ১টা পর্যন্ত গোলাম মাওলা নামের ফেরিটি চ্যানেলের মুখে আটকা ছিল।
“পরে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটি এর দুইটি উদ্ধারকারী জাহাজ ফেরিটিকে উদ্ধার করে।”
মঙ্গলবার ডুবোচরে আটকা পড়া রো রো ফেরিতে আওয়ামী লীগ নেতারা।
হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকমকে জানান, তারা কিছুক্ষণের জন্য ডুবোচরে আটক পড়েছিলেন। পরে স্পিডবোটে করে নদী পার হয়ে টুঙ্গীপাড়ায় যান তারা।
বিআইডব্লিউটিসির কর্মকর্তা খালিদ বলেন, চারটি বাস ও ১৯টি ছোট গাড়িতে ছিলেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় অংশ নিতে টুঙ্গীপাড়ায় যাচ্ছিলেন তারা।
মঙ্গলবার ডুবোচরে আটকা পড়া রো রো ফেরিতে আওয়ামী লীগ নেতারা।
বেলা ২টা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে শেখ মুজিবুর রহমান স্মৃতি কমপ্লেক্সে যৌথ সভাটি চলছে।
এদিকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে দুই ঘাটের পাড়ে প্রায় পাঁচ শতাধিক যান আটকা পড়ে।
নৌ কর্মকর্তা খালিদ বলেন, “এ সময় কোনো ফেরি ঢুকতে বা বেরোতে পারছিল না। মাঝ পদ্মায় আরও ছয়টি ফেরি আটকে ছিল।“
