২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনএ মিলিয়ে জঙ্গি তামিমের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত ‘নব্য জেএমবির নেতা’ তামিম চৌধুরীর ডিএনএ নমুনা পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 02:10 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

পুরনো খবর:

নারায়ণগঞ্জে অভিযানে নিহত গুলশান হামলার ‘হোতা’ তামিম

কানাডা থেকে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন কয়েকদিন আগে হাতে পাওয়ার কথা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, “অভিযানের পর তামিম, তার বাবা ও বোনের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য কানাডা পাঠানো হয়েছিল। পরীক্ষায় বাবা ও বোনের ডিএনএর সঙ্গে তার নমুনা মিলে গেছে। নিশ্চিত হওয়া গেছে উনিই তামিম চৌধুরী।”

গত ১ জুলাই গুলশান ও এক সপ্তাহের মাথায় শোলাকিয়ায় হামলার পর ঘরছাড়া তরুণদের জড়িত থাকার তথ্য প্রকাশের পর আইনশৃঙ্খলা বাহিনী নিখোঁজ ১০ জনের যে প্রথম তালিকা দিয়েছিল, তাতে সিলেটের তামিমের নাম এসেছিল।

মধ‌্যপ্রাচ‌্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিভিন্ন প্রকাশনার উপর ভিত্তি করে তাকে সংগঠনটির বাংলাদেশ শাখার সমন্বয়ক বলা হচ্ছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তবে পুলিশের পক্ষ থেকে তামিমকে ‘নব‌্য জেএমবি’র শীর্ষনেতা বলা হচ্ছিল।

Image
পুলিশের করা নিখোঁজ তালিকায় তামিম চৌধুরীর ছবি

পুলিশের করা নিখোঁজ তালিকায় তামিম চৌধুরীর ছবি

Image
অভিযানে নিহত হওয়ার পর পুলিশের পক্ষ থেকে প্রকাশিত তামিমের ছবি।

অভিযানে নিহত হওয়ার পর পুলিশের পক্ষ থেকে প্রকাশিত তামিমের ছবি।

তামিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামের প্রয়াত আব্দুল মজিদ চৌধুরীর নাতি। মজিদ চৌধুরী একাত্তরে শান্তি কমিটির সদস্য ছিলেন বলে স্থানীয়দের তথ্য।

তামিমের বাবা শফি আহমদ জাহাজে চাকরি করতেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি সপরিবারে কানাডায় পাড়ি জমান।

কানাডার পাসপোর্টধারী তামিম ২০১৩ সালের অক্টোবরে দুবাই হয়ে বাংলাদেশে আসার পর থেকে নিখোঁজ ছিলেন বলে পুলিশের তথ্য।

গত ২৭ অগাস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাড়িতে পুলিশের অভিযানে তিন জঙ্গি নিহত হওয়ার পর তাদের একজন তামিম চৌধুরী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।