২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রিংলাকে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে নির্দেশ সুষমার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপর হামলায় নয়া দিল্লির উদ্বেগ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানাতে হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে নির্দেশ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 08:26 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

রোববার বিকালে এক টুইটে সুষমা বলেন, “আমি ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছি এবং আমাদের গভীর উদ্বেগের কথা জানাতে বলেছি।”

এক হিন্দু যুবকের ফেইসবুক পাতায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে দলবেঁধে হিন্দু পল্লীতে হামলা হয়। ১৫টি মন্দিরে ভাংচুরের পাশাপাশি দেড় শতাধিক ঘর-বাড়িতে ভাংচুর লুটপাট হয়।

এ ঘটনা নিয়ে দেশব্যাপী প্রতিবাদের মধ্যে শুক্রবার ভোররাতে ফের সেখানকার কয়েকটি বাড়ি ও মন্দিরে আগুন দেওয়া হয়।

হামলা ঠেকাতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগের মধ্যে নাসিরনগরের ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনার জের ধরে দলের স্থানীয় তিনি নেতাকে বহিষ্কারও করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

হিন্দু সম্প্রদায়ের উপর এই হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের।

অন‌্যদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারের অগ্রাযাত্রা ব‌্যাহত করতে ‘ষড়যন্ত্রের’ অংশ হিসেবে এই হামলা হয়েছে।

আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এই হামলার জন‌্য ক্ষমতাসীনদের দায়ী করে সরকারের পদত‌্যাগও দাবি করেছে।