২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগঠনকেও উন্নয়নে অবদান রাখতে হবে: রাষ্ট্রপতি

সরকারের একার পক্ষে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 05:40 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

রোববার মিরপুরে বৃহত্তর ময়মনসিংহ সমিতির নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “উন্নয়নশীল দেশ হিসেবে সরকারের সীমাবদ্ধতা অনেক। সরকারের একার পক্ষে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।

“তাই সরকারের পাশাপাশি এলাকা ভিত্তিক, পেশাভিত্তিক ও অন্যান্য সামাজিক সংগঠনগুলো আঞ্চলিক উন্নয়ন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

বৃহত্তর ময়মনসিংহ সমিতি জাতীয় উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে জন্মস্থানের প্রতি সবার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জের সন্তান আবদুল হামিদ।

দলমত নির্বিশেষে সবাইকে বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

“বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার পেশাজীবীদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে বিনিয়োগ প্রকল্প স্থাপন করা গেলে এ এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন হবে এবং আঞ্চলিক উন্নয়ন তথা জাতীয় অগ্রগতি ত্বরান্বিত হবে। 

“রাজনৈতিক আদর্শ ও মতের ভিন্নতার কারণে আমরা বিভিন্ন দল করে থাকি। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সকলেই এক ও অভিন্ন।”

মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ সমিতি ঢাকার মহাসচিব গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহ-সভাপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান।

এর আগে ময়মনসিংহ সমিতির নিজস্ব জমিতে সাততলা বাণিজ্যিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি।