সারা দেশে নৌ চলাচল শুরু
সাগরে নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় রাতে বন্ধ থাকার পর রোববার সকাল থেকে সারা দেশে আবার নৌযান চলাচল শুরু হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ইতোমধ্যে দুর্বল হয়ে নিম্নচাপের রূপ নিয়েছে। রোববার ভোরে সেটি সীতাকুণ্ড এলাকা দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নিম্নচাপ দুর্বল হয়ে আসায় সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আর অভ্যন্তরীণ নৌপথে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর সংকেত দেখাতে হবে বলে অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান।
বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাত ৮টা থেকে দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিআইডব্লিউটিএ।
মোবারক হোসেন মজুমদার বলেন, “ঝুঁকি কমে আসায় রোববার সকাল ৮টা থেকে সব ধরনের নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে।”
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. হূমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর সকাল সাড়ে ৮টায় বোগদাদিয়া-৭ নামের একটি লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকার সদরঘাট ছেড়ে যায়।
এছাড়া নৌ চলাচল বন্ধের নির্দেশের আগেই দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ২২টি লঞ্চ রোববার সকালে সদরঘাটে ভিড়েছে বলে জানান তিনি।
হূমায়ুন বলেন, “চাঁদপুর পর্যন্ত এক ১ নম্বর সংকেত; আর বরিশালে ২ নম্বর সংকেত। তাই কর্তৃপক্ষ আমাদের বলেছে শুধু চাঁদপুরের লঞ্চ ছাড়তে। সকালে অবশ্য চাঁদপুর ছাড়া অন্য রুটের লঞ্চও নাই।”
নিম্নচাপ দুর্বল হয়ে এলেও এর প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলছে দমকা ও ঝড়ো হাওয়া। আগের দিনের মতই বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।
আবহাওয়ার উন্নতি হলে বিকালে সব রুটের লঞ্চ ছাড়া হবে বলে জানান হূমায়ুন।
