২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারে দুর্নীতির দায়ে জেলা জজ বরখাস্ত

অদক্ষতা, অসদাচারণ ও দুর্নীতির অভিযোগে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক (জেলা ও দায়রা জজ) এস এম আমিনুল ইসলামকে বরখাস্ত করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 04:19 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের স্বাক্ষরে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বরখাস্তের এই আদেশ দেওয়া হয়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ অনুসারে তার বিরুদ্ধে অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল। তদন্ত শেষে তার বিষয়ে এই সিদ্ধান্ত আসে।

২০১১ সালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক (জেলা জজ) আমিনুল ইসলামকে অবকাশকালীন বিচারক হিসাবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়েছিল। এখানে দায়িত্ব পালনের সময় ১৫টি মামলায় জামিনে অনিয়মের অভিযোগ উঠে। পরে ১১টি মামলায় অনিয়ম হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

এরপর সুপ্রিম কোর্টের পরামর্শে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

এরমধ্যে চাঞ্চল্যকর নাদিয়া হত্যা মামলায় তার স্বামী মো. শিকদার শফিকুর রহমানকে জামিন দেওয়ার আদেশে মামলাটি যে হত্যাকাণ্ডজনিত, তা উল্লেখ করা হয়নি। জামিন দেওয়ার সপক্ষে যুক্তিযুক্ত কোনো কারণও উল্লেখ করা হয়নি।

হেরোইন উদ্ধারের একটি মামলায় প্রথমে জামিন নামঞ্জুর করলেও পরে জামিন দিয়ে দেন।

এভাবে অন্য মামলাগুলোর বিষয়ে তার বিরুদ্ধে জামিনে অনিয়মের অভিযোগ আনা হয়, যার সত‌্যতা তদন্তে পাওয়া যায়।