২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরের হামলায় অ্যামনেস্টির প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইসলাম অবমাননার অভিযোগ তুলে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর, দোকান ও মন্দিরে হামলার নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে দায়ীদের বিচারের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 12:57 AM

Updated : 20 Aug 2022, 02:08 PM

নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও দেড় শতাধিক হিন্দু বাড়িতে গত রোববারের হামলার তিনদিন পর বুধবার এক বিবৃতিতে এ দাবি জানায় অ্যামনেস্টি।

এতে বলা হয়, “নাসিরনগরের মতো হামলার পুনরাবৃত্তি রোধে এবং হিন্দু সংখ্যালঘুদের রক্ষায় আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাই। যারা এ হামলার জন্য দায়ী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”

ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামে এক যুবক গত ২৮ অক্টোবর ফেইসবুক পোস্টে ‘ইসলাম অবমাননা করেছেন’ বলে অভিযোগের দুদিন পর হেফাজতে ইসলাম ও ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’র ব‌্যানারে ডাকা বিক্ষোভের সময় এ হামলা হয়।

এ হামলায় জড়িত অভিযোগে অজ্ঞাত পরিচয় সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে ইতোমধ্যে দুটি মামলা হলেও হিন্দু সংখ্যালঘুদের ওপর অতীতের বিভিন্ন হামলার মতো জড়িতদের এবারও বিচারের আওতায় না আসার শঙ্কার কথা জানিয়ে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি।

ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে কয়েকটি সুপারিশ করেছে সংস্থাটি।

এর মধ্যে হামলার পুনরাবৃত্তি রোধে এবং হিন্দু সংখ্যালঘুদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নাসিরনগরের ঘটনায় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ্যে নিন্দা জানানো রয়েছে।

হামলাগুলোর বিষয়ে ব্যাপকভিত্তিক, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করা এবং তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবির সঙ্গে সঙ্গে দায়ী সন্দেহভাজনদের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ড ছাড়া অন্যান্য সাজা কার্যকর করার দাবিও জানিয়েছে তারা।

এছাড়া রসরাজ দাসের বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ বা এ জাতীয় কোনো অভিযোগপত্র না আনার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি অ্যামনেস্টির দাবি, এ ধরনের কোনো অভিযোগ ইতোমধ্যে রসবাজের বিরুদ্ধে আনা হয়ে থাকলে সেটি থেকে তার অব্যাহতি।

ইসলাম অবমাননার অভিযোগ ওঠার পরদিন পুলিশের হাতে আটক হওয়ার পর ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে রয়েছেন রসরাজ।