শুক্রবার চারুকলায় ‘মানবতা ও সম্প্রীতির সম্মেলন’
মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে ‘মানবতা ও সম্প্রীতির সম্মেলন’ করতে যাচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এ সম্মেলন হবে।
বুধবার ছায়ানট ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা জানান, সম্মেলনে বক্তা হিসেবে থাকবেন পরিষদের সভাপতি সন্জীদা খাতুন এবং সদস্য সারোয়ার আলী, মফিদুল হক ও সুলতানা কামাল।
গান, আবৃত্তিসহ বিশিষ্ট শিল্পীদের একক পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে এই সান্ধ্য অনুষ্ঠান।
লাইসা বলেন, “মানুষকে শান্তি আর সম্প্রীতির পথে মতি দেবার জন্যে আমাদের কবিতা, গান, নাটক নিয়ে যেতে হবে জনসমাজের কাছে। সংস্কৃতির জন্য সংস্কৃতি নয়, মনুষ্যত্বের উজ্জীবনের দায় নিতে হবে সম্মিলন পরিষদকে।
“মানুষে মানুষে সম্প্রীতি না থাকলে পৃথিবী বাসযোগ্য হতে পারে না। ক্ষমতার লড়াইয়ে আমাদের বিন্দুমাত্র উৎসাহ নেই। চাই পরস্পরের অন্তরের সুপ্ত মনুষ্যত্বের বোধকে উদ্দীপ্ত করে শান্তির পরিবেশ গড়ে তুলতে।”
