২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: মৌলভীবাজারের ৫ জনের অভিযোগ গঠনে আদেশ ৮ ডিসেম্বর

একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় মৌলভীবাজারের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আগামী ৮ ডিসেম্বর আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 04:03 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

প্রসিকিউশনের দাখিল করা অভিযোগপত্রের ওপর শুনানি নিয়ে বুধবার বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেয়।

মামলায় প্রসিকিউশনের পক্ষে ছিলেন সুলতান মাহমুদ সিমন, আবুল কালাম ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন মুজাহিদুল ইসলাম শাহিন।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ এবং আটকে রেখে নির্যাতনের পাঁচ অভিযোগে এ মামলায় সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী, ইউনুছ আহমদ, ওজায়ের আহমদ চৌধুরী এবং মোবারক মিয়াকে আসামি করা হয়েছে।

এদের মধ‌্যে কারাগারে থাকা ওজায়ের ও ইউনুছকে ট্রাইব্যুনালে হাজির করা হয়; বাকিরা পলাতক।

প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিদের মধ্যে সামছুল হোসেন তরফদার একাত্তরে আল-বদর বাহিনীর এবং নেছার আলী রাজাকার বাহিনীর স্থানীয় কমান্ডার ছিলেন। বাকি তিনজন রাজাকার বাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন যুদ্ধাপরাধে লিপ্ত হন।

২০১৪ সালের ১২ অক্টোবর পাঁচ আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত সংস্থা।

গত বছর ১৩ অক্টোবর প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেদিন বিকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার গয়াসপুর গ্রাম থেকে ওজায়ের (৬০) এবং শহরের চৌমোহনা থেকে ইউনুছ আহমদকে (৭০) গ্রেপ্তার করে পুলিশ।