২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি করা স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৩

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘ইস্টার্ন জুয়েলার্স’ থেকে চুরি হওয়া ৩৪ ভরি সোনার অলঙ্কারসহ  তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

গ্রেপ্তাররা হলেন- রবিউল হোসেন ওরফে রাসেল (২১), আলমগীর মোল্লা (২২) ও রিয়াদ হোসেন (১৯)।

পুলিশের গণমাধ্যম কার্যালয়ে মঙ্গলবার এক ব্রিফিংয়ে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, রোব ও শনিবার ময়মনসিংহের ভালুকা, ঢাকার তেঁজগাওয়ের মনিপুরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “সোনা চুরির ছয় মাস আগে ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ নিয়েছিলেন আলমগীর।তার কাছে দোকানের মূল চাবির নকল ছিল।

“যমুনা ফিউচার পার্কের দোকান সাধারণত সকাল ১০টায় খোলে। গত ১৪ অক্টোবর দোকানের অন্য লোকজন আসার এক ঘণ্টা আগে আলমগীর নকল চাবি দিয়ে দোকান খুলে ৬৭ ভরি অলঙ্কার চুরি করে পালিয়ে যান।”

এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়েছিল বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা বাতেন বলেন, গোয়েন্দারা অভিযান চালিয়ে আলমগীর ও রাসেলের বাড়িতে মাটির নীচ থেকে অবস্থায় ২৩ ভরি ও ১০ ভরি সোনা উদ্ধার করেন।

উদ্ধার করা অলঙ্কারের আনুমানিক দাম ১৫ লাখ ৮৮ হাজার টাকা।

চুরি হওয়া বাকি সোনা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

পাজেরোতে ১৩ হাজার ফেনসিডিল

রাজধানীর ধানমণ্ডি থেকে ১৩ হাজার বোতল ফেনসিডিল ও একটি পাজেরো জিপসহ দুই ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মিজান (৩৮) ও মোস্তফা (৪৮)।

মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, সোমবার বিকাল ৪টায় তারা পাজেরোতে করে ফেনসিডিল নিয়ে যশোর থেকে ধানমণ্ডি আসে।

“ধানমণ্ডি ১১/এ সড়কে তাদের গাড়ি থামিয়ে সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ফেনসিডিল উদ্ধার করা হয়।”

উপ-কমিশনার মাসুদুর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রির জন্য নিয়ে আসেন।