২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলার কাহার আকন্দের জবানবন্দি শেষ

বহুল আলোচিত ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 11:04 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিনের আদালতে সোমবার জবানবন্দি দেওয়া শেষ করেন সিআইডির এই বিশেষ সুপার।

মঙ্গলবার তাকে জেরা শুরু করবেন আসামি পক্ষের আইনজীবীরা।

কাহার আকন্দের সম্পূরক অভিযোগপত্রে শেখ হাসিনাকে হত‌্যাচেষ্টার এই মামলায় আসামির তালিকায় যোগ হন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।

বিএনপির জ‌্যেষ্ঠ ভাইস চেয়ারম‌্যানকে পলাতক ধরেই তার বিচার চলছে। আট বছর ধরে সপরিবারে যুক্তরাজ‌্যে রয়েছেন তিনি।  

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর দেওয়া সম্পূরক অভিযোগপত্রে তারেকসহ ৩০ জন যোগ হওয়ায় হত‌্যা ও বিস্ফোরক আইনে করা মামলা দুটিতে আসামির সংখ‌্যা দাঁড়ায় ৫২ জনে।

গত ২৪ সেপ্টেম্বর থেকে জবানবন্দি দেওয়া শুরু করেছিলেন কাহার আকন্দ। তার আগে সাক্ষ‌্য দেন প্রথম অভিযোগপত্র দাখিলকারী তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী সুপার মো. ফজলুল কবীর।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ফজলুল কবীর ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছিলেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আসামিদের মধ্যে খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ এবং ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৪ জন কারাগারে রয়েছেন। তারেক রহমানসহ ১৯ আসামি পলাতক।

এ মামলার আসামি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন, আহত হন বহু মানুষ।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি হারান।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এই ঘটনার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল, যা পরে তদন্তে বেরিয়ে আসে।

পুরনো খবর:

একুশে অগাস্ট হামলায় ‘তারেকের ষড়যন্ত্রের’ কথা বললেন তদন্ত কর্মকর্তা
একুশ অগাস্ট মামলার ভবিষ‌্যত নিয়ে সন্ধিগ্ধ লেনিন
দুঃসহ স্মৃতি ভুলতে দেয় না স্প্লিন্টার