২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত অর্থ বছরে বিদেশ গেছেন ৭ লাখ

২০১৫ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ৬ লাখ ৮৪ হাজার ৫৩৭ জন নাগরিককে বিদেশে পাঠানো হয়েছে, যা তার আগের অর্থ বছরের (২০১৪-১৫) থেকে ৪৮ দশমিক ১৯ শতাংশ বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 10:50 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপিত ২০১৫-১৬ অর্থ বছরের মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের কয়েকটি বিষয় জানান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

২০১৪-১৫ অর্থ বছরের চেয়ে গত অর্থ বছরে (২০১৫-১৬) মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি-রপ্তানি, সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণ বাড়ার পরিসংখ্যান মন্ত্রিসভাকে জানানো হয়েছে।

২০১৫-১৬ অর্থ বছরে রপ্তানি আয় ৩৪ হাজার ২৫৭ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীতের তথ্য মন্ত্রিসভাকে জানিয়ে বলা হয়, পণ্যের বহুমুখীকরণ, সরকারের বাস্তবমুখী পদক্ষেপ ও প্রণোদনা প্যাকেজ ঘোষণা এবং রপ্তানিকারকদের নিরলস প্রচেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে।

“গত অর্থ বছরে এক লাখ ৭১ হাজার ৩৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ১৯ দশমিক ০১ শতাংশ বেশি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৩০ দশমিক ১৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়, যা তার আগের অর্থ বছরের থেকে ২০ দশমিক ৫৫ শতাংশ বেশি।

“গত অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সংশোধিত বরাদ্দের ৯৩ হাজার ৮২৩ কোটি টাকার মধ্যে ৮৬ হাজার ৯৬৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে।”

দারিদ্র্যের হার কমে গত অর্থ বছরে ২৩ দশমিক ৫০ শতাংশে এবং হতদরিদ্রের হার ১২ দশমিক ১০ শতাংশ নেমে এসেছে বলেও মন্ত্রিসভাকে জানানো হয়েছে।

এছাড়া প্রবৃদ্ধির হার বেড়ে সামাজিক বৈষম্য কমার বিষয়টিও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

গত অর্থ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, মোবাইল ফোনের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাইকরণ ছাড়াও পদ্মা সেতু নির্মাণ ও ই-ফাইলিং পদ্ধতির অগ্রগতির চিত্রও মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

গত অর্থ বছরে নতুন ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সময়ে ১৯টি বেসরকারি কলেজ ও ১১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে।