২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রভাবশালী দখলদারদের’ মোকাবেলায় আনিসুল

ঢাকার ফুটপাতের দখলদাররা প্রভাবশালী হওয়ায় পরিবেশ উন্নয়নের কাজ করতে গিয়ে বাধার মুখে পড়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 06:45 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

সোমবার ফার্মগেইটের ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে একথা জানান তিনি।

মেয়র বলেন, “আমাদের স্বভাব হল দখল করা। দখলকারীরা এতই প্রভাবশালী যে অনেক সময় তারা থানা-পুলিশকেও পরোয়া করে না। তবে আমরা এদেরকে মোকাবেলা করেই সামনে এগুচ্ছি।

“শহরের অভিজাত এলাকার ফুটপাত, যা ২২ বছর পর্যন্ত অবৈধ দখলে ছিল, তা দখলমুক্ত করেছি। ফলে ৬ ফুট চওড়া ফুটপাত এখন ১৪ ফুট পর্যন্ত চওড়া হয়েছে।”

বেশ কয়েকবার সতর্ক করার পর অভিজাত এলাকায় দোকানিদের দখল থেকে ফুটপাত উদ্ধার করা হয়েছে বলে জানান মেয়র।

“মার্কেটের ব্যবসায়ীরা এখন আর দোকানের বাইরে এক ইঞ্চি জায়গাতেও দোকানের মালামাল রাখছেন না। এ অবস্থার স্থায়িত্বের জন্য মানুষের চিন্তাধারায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”

অনুষ্ঠানে মেয়র নগরবাসীর মাঝে বিনামূল্যে গাছ, টব ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

ঢাকাবাসীর কাছ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন নিয়ে প্রথম ধাপে একশ জনকে ই-টোকেন দেয় সবুজ ঢাকা নামের একটি সংগঠন।

ডিএনসিসি ছাড়াও তাদের বৃক্ষ বিতরণ কর্মসূচির সহযোগী হিসাবে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও ফ্যাশন হাউজ রঙ। 

‘সবুজ ঢাকা’ কার্যক্রমের উপদেষ্টা প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান, কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. তারিক হাসান, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান এবং এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর কৃষিবিদ বশির আহমেদ বক্তব্য রাখেন।

‘ঢাকা বাঁচুক সবুজে, আমরা বাঁচবো ঢাকাতে’ এই স্লোগানকে সামনে রেখে সবুজ মহানগরী গড়ার লক্ষ্য নিয়ে গত দুই বছর ধরে ‘সবুজ ঢাকা’ কার্যক্রম চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ৪০টি স্কুল, ১০৮টি মসজিদ ও ৫০০টি বাড়ির ছাদে বাগান করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।