যুদ্ধাপরাধ: হান্নানের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ১১ ডিসেম্বর
জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের ছয়টি ঘটনায় অভিযোগ গঠন করা হবে কি না তা জানা যাবে আগামী ১১ ডিসেম্বর।
আগের দিন প্রসিকিউশনের দাখিল করা অভিযোগপত্রের ওপর শুনানি করে সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এই আদেশ দেয়।
আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন সুলতান মাহমুদ সিমন, জাহিদ ইমাম, রিজিয়া সুলতানা চমন; আসামিপক্ষে ছিলেন আব্দুস সোবহান তরফদার।
সুলতান মাহমুদ সিমন সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য আগামী ১১ ডিসেম্বর দিন রেখেছে।
তাদের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে চারটি হত্যা ও গণহত্যার এবং বাকি দুটি অভিযোগ আটক ও নির্যাতনের ঘটনায়।
এই মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ হান্নান ছাড়া আরও চার আসামি কারাগারে আছেন। এরা হলেন- তার ছেলে মো. রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ (৬৯), মিজানুর রহমান মিন্টু (৬৩) ও মো. হরমুজ আলী (৭৩)।
এছাড়া পলাতক রয়েছেন ময়মনসিংহের বাসিন্দা মো. ফখরুজ্জামান (৬১), মো. আব্দুস সাত্তার (৬১) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩)।
২০১৫ সালের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এ মামলা করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক পরে এজাহারটি গ্রহণ করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।
ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা ওই বছরের ২৮ জুলাই তদন্ত শুরু করে। ১০ অক্টোবর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে।
ওইদিনই হান্নানকে গুলশানে তার বাড়ি থেকে এবং ছেলে রফিক সাজ্জাদকে ওই এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ডা. খন্দকার গোলাম সাব্বির, মিজানুর রহমান মিন্টু ও হরমুজ আলীকেও গ্রেপ্তার করা হয়।
হান্নানের সংসদ সদস্য পদের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর তুরিন আফরোজ সাংবাদিকদের বলেন, আর্টিকেল ৬৭ অনুসারে কোনো সংসদ সদস্য ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে তার সদস্য পদ চলে যায়। তাকে গ্রেপ্তারের পর এর মধ্যে ৯০ কার্যদিবস পার হয়ে গেছে।
“বিষয়টি খতিয়ে দেখতে আমি মাননীয় স্পিকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
হান্নানসহ এই আট আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষে এ বছরের ১১ জুলাই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা । ওই প্রতিবেদনে পাঁচটি অভিযোগ আনা হলেও টাইব্যুনালে দেওয়া অভিযোগপত্রে একটি বাড়ানো হয়েছে।
এবিষয়ে প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন বলেন, “আগে এই মামলায় পাঁচ অভিযোগ ছিল। এখন একটা অভিযোগ বাড়িয়ে ছয়টি করা হয়েছে। নতুন কোনো অভিযোগ আসেনি; একটি অভিযোগকে দুটি করা হয়েছে।”
অভিযোগসমূহ:
অভিযোগ ১: ১৯৭১ সালের ২৩ ও ২৪ এপ্রিল ময়মনসিংহের গোলকীবাড়ী বাইলেনের প্রখ্যাত ভাস্কর আব্দুর রশিদকে অপহরণ, নির্যাতনের পর জিপ গাড়ির পেছনে রশি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে হত্যা ও লাশ গুম।
অভিযোগ ২: ১৯৭১ সালের ২ অগাস্ট ত্রিশাল থানার বৈলর হিন্দুপল্লী ও মুন্সিপাড়ায় অগ্নিসংযোগ, সেন্টুকে গুলি করে হত্যা ও দুজন হিন্দুকে গুলি করে আহত।
অভিযোগ ৩: ১৯৭১ সালের ৭ থেকে ৯ অগাস্টের মধ্যে বৈলরের আ. রহমান মেম্বারকে আটক, অপহরণ, নির্যাতন, হত্যা ও লাশ গুম।
অভিযোগ ৪: ১৯৭১ সালের ১৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে খন্দকার আব্দুল আলী রতনকে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুম।
অভিযোগ ৫: ১৯৭১ সালের ২৩ এপ্রিল থেকে ২৮ জুলাইয়ের মধ্যে মো. আবেদ হোসেন খানকে আটক, নির্যাতন ও পাকিস্তানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর।
অভিযোগ ৬: ১৯৭১ সালের ৭ থেকে ১০ অগাস্টের মধ্যে কে এম খালিদ বাবুকে অপহরণ, আটক ও নির্যাতন।
আসামিদের সংক্ষিপ্ত পরিচয়:
এমএ হান্নান: ১৯৩৫ সালে জন্মগ্রহণকারী হান্নান ১৯৬০ সালের পর মুসলিম লীগের রাজনীতিদতে জড়ান। প্রথম শহর মুসলিম লীগের সদস্য এবং ১৯৬৫-৬৬ সালে জেলা যুগ্ম সম্পাদক হন।
১৯৬৫ সালে তিনি মুসলিম লীগের প্রার্থী হিসেবে কোতয়ালি, ত্রিশাল আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
হান্নান ১৯৭১ সালে টাঙ্গাইল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৬-৭৭ সালে মুসলিম লীগের কার্যক্রম শুরু হলে তিনি জেলার যুগ্ম সম্পাদক এবং কেন্দ্রীয় সদস্যপদ লাভ করেন।
১৯৯৫ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে কেন্তদ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ পান হান্নান।দুই বছর পর দলের সভাপতিমণ্ডলীর সদস্য হন।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হন হান্নান।
হান্নানের বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলা করেন মুক্তিযোদ্ধা আবুল কালাম।
ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিটফুল ইসলামের আদালতে করা মামলাটিতে রাজাকার কমান্ডার আনিছুর রহমান মানিকসহ আরও ২৪ জন রয়েছেন।
মো. রফিক সাজ্জাদ: হান্নানের ছেলে রফিক সাজ্জাদের বিষয়ে তদন্ত প্রতিবেদনে কোনো তথ্য না দেওয়া হলেও সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, “এমপি হান্নানের বিরুদ্ধে মামলাটি অত্যন্ত হাই প্রোফাইল। তার ছেলে সাজ্জাদের বয়স তখন কম হলেও বাবা-ছেলে মিলে ময়মনসিংহ অঞ্চলে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছিলেন।”
মো. ফখরুজ্জামান: মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্র সংঘের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে জামায়াতের সমর্থক।
মো. আবদুস সাত্তার: মুসলিম লীগ সমর্থক।
ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ: ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র থাকাকালে ১৯৬৯ সালে ইসলামী ছাত্র সংঘের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেন। বর্তমানে জামায়তের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
খন্দকার গোলাম রব্বানী: ছাত্রজীবনে ইসলামী ছাত্র সংঘের সঙ্গে জড়িত ছিলেন। বরতমানে জামায়াতের রাজনীতিতে যুক্ত।
মিজানুর রহমান মিন্টু: ২০০১ সাল থেকে জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত মিন্টু ময়মনসিংহ জেলার ৫ নম্বর সাংগঠনিক সম্পাদক।
হরমুজ আলী: ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর সমর্থক হরমুজ আলী বর্তমানে জাতীয় পার্টির সমর্থক।
