২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্ত ছিটমহলসহ পৌনে চারশ’ ইউপিতে ভোট চলছে

ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের নাগরিক হওয়া বিলুপ্ত ছিটমহলবাসী প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধি বাছাইয়ে ভোট দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 09:50 AM

Updated : 11 Oct 2022, 08:59 PM

পুরনো খবর:

বিলুপ্ত ছিটমহলে এবার ভোটের আয়োজন
স্থগিত ৩৪৬ কেন্দ্রে পুনঃভোটের তারিখ
৮৩  ইউপিতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন শুক্রবার
শেষ ধাপেও সংঘাত-রক্তপাত

অনিয়মের কারণে স্থগিত কেন্দ্র, শূন্য পদে উপ নির্বাচন এবং সমভোট প্রাপ্ত প্রার্থীদের মধ্যে পুনঃভোট-এসবের সঙ্গে বিলুপ্ত ছিটমহল দেশের অন্তত পৌনে চারশ ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে সোমবার ভোট হচ্ছে । এগুলোর মধ্যে অর্ধ শতাধিক ইউপিতে সাধারণ নির্বাচন হবে।

সোমবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে বলে জানান ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নতুন তফসিলে ভোট এবং নানা জটিলতায় স্থগিত কেন্দ্রে পুনঃভোটসহ কয়েকটি ক্যাটাগরির নির্বাচন সোমবার হচ্ছে। ২২টি বিলুপ্ত ছিটমহলেও এ দফায় ভোট রয়েছে।”

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে ঝঁকিপূর্ণ এলাকায় পুলিশ সদস্য বাড়ানো হয়েছে; অনেক এলাকায় রয়েছে বিজিবি।

গত মার্চ-জুনে শেষ হওয়া ৬ ধাপের ইউপি নির্বাচনের পর এবার ভোট হচ্ছে এসব ইউপিতে। আর বিলুপ্ত ছিটমহলে প্রথমবারের মতো ভোটকে ‘মাইলফলক’ বলছেন ইসি সচিব মুহাম্মদ আবদুল্লাহ।

গত বছর বহু প্রতীক্ষিত বাংলাদেশ-ভারতের সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে নানা বঞ্চনার অবসান হয় ছিটবাসীদের। বাংলাদেশের ৫১টির বিনিময়ে ভূ খণ্ডের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহলের বাসিন্দারা পায় এদেশের নাগরিকত্ব।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, চেয়াম্যানসহ বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বাদ দিয়ে ভোটের জন্য সব পদের ব্যালট পেপার রোববার সন্ধ্যার মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়। রিটার্নিং কর্মকর্তাদের যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে প্রয়োজনী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

“সুষ্ঠু নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে পরিস্থিতি মনিটরিংয়ে বিশেষ নজর রাখছে ইসি সচিবালয়।”

ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার সময় সাড়ে তিনশ স্থগিত কেন্দ্রের ২০২টি ইউপি, সমঃভোটপ্রাপ্ত প্রার্থীদের ৬৫টি ইউপি, মামলা ও বিভিন্ন কারণে স্থগিত ৩০টি ইউপি, আগে তফসিল করে বাদ দেওয়া ২৭টি ইউপি এবং বিভিন্ন সময়ে ৬৯টির শূন্য পদে নির্বাচনের জন‌্য সোমবার দিন রাখে কমিশন। পরে আদালতের আদেশ ও নানা জটিলতায় এ তালিকা থেকেও একডজনের বেশি ইউপি বাদ পড়ে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান এক ডজন ইউপিতে

এক ডজনের মতো ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

এসব ইউপি হলো- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পূর্ব ও উত্তর, জয়পুরহাট সদরের ভাদসা, শরীয়তপুরের ভেদরগঞ্জের নারায়ণপুর, ভোলা সদরের ভেলুমিয়া, বরিশালের হিজলার গৌরবদী, ঝিনাইদহের কালীগঞ্জের শিমলা-রোকনপুর, ফেনীর পরশুরামের সব ইউপি, ফুলগাজীর দুটি ইউপি ও মানিকগঞ্জ সদরের গড়পাড়া।

গত ৬ ধাপের ইউপি নির্বাচনে প্রায় সাড়ে তিনশ ভোট কেন্দ্র স্থগিত হয়, ৬৫টি ইউপির ৯৫টি কেন্দ্রে একাধিক প্রার্থী সমভোট পায়; বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট ২২ ইউপি ও দেশের বিভিন্ন জেলায় মেয়াদ শেষ হওয়া আরও ৬০টি ইউনিয়নে নতুন তফসিলে ভোট হচ্ছে। এর বাইরে শূণ্য পদে উপনির্বাচনও হচ্ছে সোমবার।