২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮৩  ইউপিতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন শুক্রবার

বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট ২৩ ইউপিসহ ৮৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শুক্রবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 11:05 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

নির্বাচন কমিশনের (ইসি) উপ সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, ইতোমধ্যে এসব ইউপিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় ৮০০ আগ্রহী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাবেন।

নতুন তফসিলভুক্ত এই ৮৩টি ইউপির সব পদে এবং পুনভোট হওয়া সাড়ে তিনশ ভোট কেন্দ্র ও সমভোট প্রাপ্তদের নির্বাচন আগামী ৩১ অক্টোবর হবে বলে জানান এই ইসি কর্মকর্তা।

এর আগে শনিবার প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা।

ঘোষিত তফসিল অনুযায়ী, এসব এলাকায় মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ৬ অক্টোবর, যাচাই-বাছাই হয়েছে ৭ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৪ অক্টোবর ও ভোট ৩১ অক্টোবর।

ফরহাদ আহাম্মদ খান বলেন, “৮৩টি ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী হয়েছে নতুন। তবে পুনভোট হতে যাওয়া ইউপি’র আগের প্রার্থীরাই বহাল রয়েছে, নতুন করে প্রার্থিতার সুযোগ পায় নি কেউই। রিটার্নিং কর্মকর্তার নির্ধারিত সময় অনুযায়ী প্রচারণা শুরু করবে প্রার্থীরা।”

গত মার্চ-জুনে শেষ হওয়া ৬ ধাপের ইউপি নির্বাচনে স্থগিত হয় প্রায় সাড়ে তিনশ ভোট কেন্দ্র ও ৬৫টি ইউপি’র ৯৫টি কেন্দ্রে  একাধিক প্রার্থী সমভোট পেয়েছে বিভিন্ন পদে।

ইসি কর্মকর্তারা জানান, বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট ২৩ ইউপি ও দেশের বিভিন্ন জেলায় মেয়াদ শেষ হওয়া আরও ৬০টি ইউনিয়নের ভোট হচ্ছে ৩১ অক্টোবর।

এর বাইরে আড়াই শতাধিক ইউপির সংশ্লিষ্ট ৪৪৫টি কেন্দ্রের ভোট হবে ওইদিন। এসব কেন্দ্রের ভোট সম্প্রতি শেষ হওয়া ৬ ধাপের ইউপি নির্বাচনের সঙ্গে একবার অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন জটিলতায় এসব কেন্দ্রের ভোট বাতিল ও স্থগিত হয়ে যায়।

এর মধ্যে বিভিন্ন অনিয়ম ও হামলা-মামলার ঘটনায় ২০৫টি ইউনিয়ন সংশ্লিষ্ট ৩৫০টি ভোটকেন্দ্র স্থগিত রাখা হয়েছিল। বাকি ৬৫ ইউনিয়ন সংশ্লিষ্ট ৯৫টি ভোটকেন্দ্রের ফলাফলে এগিয়ে দুই প্রার্থীর ভোট সংখ্যা সমান হয়ে যাওয়ায় পুনরায় ভোটগ্রহণ করা হচ্ছে।

পুরনো খবর:

স্থগিত ৩৪৬ কেন্দ্রে পুনঃভোটের তারিখ
বিলুপ্ত ছিটমহলে এবার ভোটের আয়োজন