২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘পুলিশ সোর্সকে’ কুপিয়ে হত্যা

ঢাকার মিরপুরে পল্লবী এলাকায় ‘পুলিশের এক সোর্সকে’ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 09:48 AM

Updated : 20 Aug 2022, 02:06 PM

রোববার ভোর সাড়ে ৪টার দিকে মানিক মিয়া নামের ৪০ বছর বয়সী ওই ব‌্যক্তির ওপর হামলা হয়। পরে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, মিরপুর বি ব্লকের ১ নম্বর লাইনের এক বাসায় থাকতেন মানিক। তার বাড়ি নওগাঁ জেলায়।

“ভোরে তার বাসার কাছে রাস্তার ওপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। স্থানীয়রা প্রথমে তাকে রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে আসে। পরে হাসপাতালে নিলে তাকে মৃত‌ঘোষণা করা হয়।”

মানিক পুলিশের সোর্স ছিলেন কি না জানতে চাইলে ওসি বলেন, “বিস্তারিত বলতে চাচ্ছি না। ওর নামেও কিছু ছোটোখাট মামলা আছে। বোঝেন তো, সোর্সরাও তো সাধারণত ভালো হয় না।”

এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের নাম পাওয়ার কথা জানিয়ে দাদন ফকির বলেন, “আশা করছি ধরে ফেলতে পারব।”