২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পপুলারের টয়লেটে নারীর ছবি তোলার অভিযোগ, কর্মী গ্রেপ্তার

রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে এক নারী রোগীর ছবি তোলার অভিযোগে ওই প্রতিষ্ঠানের এককর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 07:53 PM

Updated : 12 Apr 2022, 03:10 AM

গ্রেপ্তারকৃত হাসিবুর রহমান (২৭) ওই ডায়াগনস্টিক সেন্টারের টেলিফোন অপারেটর হিসাবে কর্মরত।

সকালে নিকুঞ্জ থেকে আসা এক রোগীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার এসআই খায়রুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই নারী সকালে তার মাকে নিয়ে প্রশ্রাব পরীক্ষার জন্য পপুলারে আসেন। সকাল ৮টার দিকে নীচতলার বাথরুমে ঢোকার পরপরই তিনি লক্ষ্য করেন, পাশের বাথরুমের নীচ দিয়ে মোবাইলে কে যেন ছবি তুলছে।

“এরপর তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পাশের বাথরুম থেকে হাসিবুর রহমানকে মোবাইলসহ ধরে ফেলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।”

তার কাছ থেকে জব্দ করা মোবাইলটি পরীক্ষার জন্য সিআইডি কাছে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

খায়রুল বলেন, মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১) ধারায় দায়ের করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড ও দুইলাখ টাকা অর্থদণ্ড হতে পারে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মোসাদ্দেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা হাসিবুরকে ধরে পুলিশের কাছে দিয়েছি।”

এদিকে খবর পেয়ে বেসরকারি কয়েকটি টিভি চ্যানেলের প্রতিবেদকরা ঘটনাস্থলে গেলে পপুলারের কর্মচারীরা তাদের সংবাদ সংগ্রহে বাধা দেয় ও ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ উঠেছে।

সময় টেলিভিশনের প্রতিবেদক সৈয়দ আহমেদ সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পরপরই মোসাদ্দেক হোসেনের লোকজন আমাদের উপর চড়াও হয় এবং ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুরের চেষ্টা চালায়।

“তারা আমাকে ও ক্যামেরামানকে আলাদা করে আটকে রাখে। পরে পুলিশ এসে উদ্ধার করে।”

এ ব্যাপারে মোসাদ্দেকের ব্ক্তব্য, “এটা ভুল বোঝাবুঝি হয়েছে। পরে পুলিশের মধ্যস্থতায় মিটমাট হয়ে গেছে।”