২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাউন্ট এলব্রুস জয়ের গল্প

ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেছেন একদল বাংলাদেশি, যার নেতৃত্বে ছিলেন এভারেস্টজয়ী নিশাত মজুমদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 01:25 AM

Updated : 11 Oct 2022, 08:58 PM

নিশাতের সঙ্গে জুনায়েদ সরকার, মো. আরিফুল ইসলাম ও মির্জা জাকারিয়া বেগ ছিলেন এই অভিযানে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযানের গল্প শোনান। অভিযানের বিভিন্ন মুহূর্তের ছবিও দেখান তারা।

রাশিয়ার ককেশাস পার্বত্য অঞ্চলে জর্জিয়ার সীমান্তে অবস্থিত পাঁচ হাজার ৬৪২ মিটার (১৮৫১০ ফুট) উচ্চতায় ইউরোপ মহাদেশের সবচেয়ে উঁচু মাউন্ট এলব্রুস শিখর।

গত ৮ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করার দুদিন পর ককেশাস অঞ্চলের টার্সকল থেকে অভিযান শুরু করে অভিযাত্রী দল।

জুনায়েদ সরকার বলেন, “ঘরের পাশে হিমালয় বলেই আমরা কেবল হিমালয়ের বিভিন্ন শৃঙ্গের মধ্যেই ঘুরতে থাকি। এবার এই বলয়টা আমরা ভাঙতে চেয়েছি। আর্থিক সমস্যা, ভিসা জটিলতা সব কিছুকে জয় করে আমরা এলব্রুস জয় করে ফিরেছি।”

অভিযাত্রী দলটি প্রথমে পৌঁছায় টার্সকলে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উঁচুতে। রিফিউজি ক্যাম্পে বেসক্যাম্প পাতেন তারা, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩৮০০ মিটার।

নিশাত মজুমদার জানান, মাউন্ট এলব্রুস শিখর ছোঁয়ার উদ্দেশ্যে বাংলাদেশ, রাশিয়া, তাজাকিস্তান ও মিশর থেকে আগত অভিযাত্রীদের সমন্বয়ে ১০ সদস্যের একটি দল গঠিত হয়। সেখানে শুরু হয় কঠোর প্রশিক্ষণ। তারা উঁচুতে উঠতে থাকলে কমতে থাকে তাপমাত্রা।

পোস্তকাভরকে গিয়ে তারা একবার থামেন।  ৫৩০০ মিটার উচ্চতা অতিক্রমের পর আইরিন পারভীন ও মির্জা জাকারিয়া বেগ অসুস্থ হয়ে পড়েন। পরে তারা নেমে আসেন।

পরে ১৬ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৪টায় চূড়ান্ত অভিযান শুরু হয়। ভিনদেশী অভিযাত্রীদের দলটি থেকে শারীরিকভাবে কিছুটা পিছিয়ে ছিলেন বাংলাদেশের অভিযাত্রীরা। তাড়াহুড়ো না করে তিন অভিযাত্রী তাই ধীরপায়ে চলেন। রাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল, ফ্রোজেন বাইট হয়ে যায় আরিফুলের। তাকে সারিয়ে তুলতে তুলতে বেশ বেগ পেতে হয় নিশাতের।

শেষ পর্যায়ের একটি দৃশ‌্যের বর্ণনায় নিশাত বলেন, “এক পাশে চাঁদ ডুবছে, অন্য পাশে সূর্য। এ এক অন্যরকম ভালো লাগা।”

জুনায়েদ বলেন, “আমি ক্রমেই রাস্তা ভুলে যাচ্ছিলাম। পা হড়কে পড়ে গেলে কীভাবে বরফের চাই আঁকড়ে ধরতে হবে, সেই প্রশিক্ষণ ছিল আমাদের।  কিন্তু আমি সত্যিই চাইনি, এমন কোনো মুহূর্ত আসুক। মাঝেমধ্যে আমি স্মৃতিও হারিয়ে ফেলছিলাম।”

আর মাত্র ১০০ ফুট, ৬০ ডিগ্রি বাঁকা চড়াই বেয়ে তবেই চূড়া। সেখানেও বিপত্তি। সরু পথ বেয়ে উপরে উঠার রাস্তা, নামতেও হবে একই পথ বেয়ে। পা পিছলে গেলেই মহাবিপদ।

“আমি এক অভিযাত্রীকে সাইড দিতে গিয়ে পড়েই গিয়েছিলাম। ১০ ফুট নিচে থেকে অন্যরা আমাকে টেনে তুলতে চাইল। ভাগ্য ভালো, বড় কিছু হয়নি। আমি আবারও উঠে দাঁড়ালাম। আর তারপর তো উঠেই গেলাম চূড়ায়,” বলেন অভিযাত্রী জুনায়েদ।

পাহাড়ের চূড়ায় উঠে আরিফের মনে পড়ে যায় পরিবারের কথা।

“আমার ছোট্ট মেয়ে আছে, চার বছরের।  যখন সূর্য মাথার উপরে এসে পড়ল, তখন মনে পড়ল, আজ তো ঈদ। মেয়েটির মুখটি খুব মনে পড়ছিল। তার জন্য ফিরতে ইচ্ছা করছিল। চারপাশে তাকালাম, ভাবলাম কেন জীবনের ঝুঁকি নিয়ে এখানে এলাম। কিন্তু বলি, সেখানে না গেলে প্রকৃতির এমন দৃশ্য তো দেখতেই পেতাম না। আমরা যে সেখানে আমাদের দেশের পতাকা উঁড়িয়েছি।”

নিশাত মজুমদার বলেন, “আমাদের ধারণা, আমাদের দেশ থেকে আরও তরুণরা সেখানে যাবেন। আমরা তাদের পথ দেখাতে প্রস্তুত।  সব প্রয়োজনেই পাশে আছি তাদের।”

এই আসরে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত‌্য কেন্দ্রের অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দুবারের এভারেস্টজয়ী পর্বতারোহী এম এ মুহিত।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “আমরা এখন জাগরণের শব্দ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আক্রমণ আর বিজয়ের রব। আমাদের তরুণরা যত রকম শৃঙ্গ আছে, সবগুলো জয় করবে। সেই যোগ্যতা, শক্তি আর স্বপ্ন আমাদের আছে।”

মুহিত বলেন, “তরুণদের বলব- পাহাড়ে চড়ার আগে নিজের মাসল শক্ত করো।  আগে নিজের শরীরকে ঠিক করো।”