২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ-প্রকৃতি রক্ষার শপথে শুরু উদীচীর মহানগর সম্মেলন

প্রাণ-প্রকৃতি রক্ষার শপথ নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের একাদশ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2016, 01:01 AM

Updated : 11 Oct 2022, 08:57 PM

শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু।

‘আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জ্বলবে, প্রাণ-প্রকৃতি রক্ষায় বিশ্বমানব লড়বে’- এই স্লোগানকে সামনে রেখে দ্বিবার্ষিক এই সম্মেলন কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন করার কথা থাকলেও অনিবার্য কারণে উদ্বোধনস্থল পরিবর্তন করে শিল্পকলা একাডেমিতে উদ্বোধন করা হয়।

উদ্বোধনীতে অতিথি হিসেবে শিক্ষাবিদ কাজী মদিনা, উদীচীর উপদেষ্টা আকতার হুসেন, লোকশিল্পী সাইদুর রহমান বয়াতী, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য লেলিন চৌধুরী, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার এবং সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন উপস্থিত ছিলেন।

উদ্বোধনীতে ‘আমরা এসেছি আদি গাঙচিল পালকে সমুদ্দুর’ শিরোনামের একটি সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন উদীচী ঢাকা মহানগরের শিল্পীরা। সকালে উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।

উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ-এর সভাপতিত্বে এ পর্বের শুরুতে উদীচীরর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে সম্মাননা প্রদান করা হয়।

মধ্যাহ্ন বিরতি শেষে শুরু হয় সম্মেলনের সাংগঠনিক অধিবেশন। এরপর সন্ধ্যায় ছিল উদীচী ঢাকা মহানগর সংসদ এবং এর আওতাভুক্ত বিভিন্ন শাখা সংগঠনের শিল্পী-কর্মীদের বৈচিত্র্যময় পরিবেশনা।

সম্মেলনের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে শুরু হবে সাংগঠনিক অধিবেশন। নতুন কমিটি নির্বাচন এবং নতুন নেতৃত্বের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এই সাংগঠনিক অধিবেশন।

২২ অক্টোবর বিকাল ৫টা থেকে শুরু হবে বাংলার চিরায়ত লোক ঐতিহ্যের নানা উপকরণকে ভিত্তি করে নির্মিত সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী আয়োজন হিসেবে পরিবেশিত হবে উদীচী’র অন্যতম জনপ্রিয় গীতি আলেখ্য ‘দিন বদলের পালা’।