২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলী হোসেন হত‌্যায় দুজনের ‘দোষ স্বীকার’

ইডেন কলেজের সাবেক উপাধ্যক্ষ ও আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা আলী হোসেন হত্যায় নির্মাণাধীন ভবনের এক কর্মচারী ও তার ভাই দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশৈ জানিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2016, 01:14 AM

Updated : 20 Aug 2022, 02:00 PM

মাহখালীর ডিওএইচএসের ওই ভবনের কর্মচারী সায়েদ ফকির সাইফুল ও তার ভাই মো. সুজন বুধবার ঢাকার পৃথক দুই হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন।

‘টাকার  লোভে তারা এই হত‌্যাকাণ্ডে জড়ানোর’ কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

অপর আসামি মাসুদ তালুকদারকে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ভাষানটেক থানার উপ-পরিদর্শক আসিফ ইকবাল তিন আসামিকে আদালতে হাজির করে সাইফুল ও সুজনের জবানবন্দি রেকর্ড এবং মাসুদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম আসামি মাসুদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপর দুই আসামি সাইফুল হাকিম সাজ্জাদুর রহমানের আদালতে এবং সুজন আরেক মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই মামলায় গ্রেপ্তার ওই আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের অফিস সহকারী সেলিম মিয়া প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে আছেন।

গত ১১ অক্টোবর ভোরে ডিওএইচএসের নির্মাণাধীন ভবনটির চতুর্থ তলায় ছুরিকাঘাতে খুন হন আলী হোসেন। সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

কয়েক বছর আগে ইডেন কলেজের চাকরি থেকে অবসর নেওয়া আলী হোসেন একটি গৃহনির্মাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে চাকরি করছিলেন। ওই প্রতিষ্ঠানটি সেখানে বহুতল ভবন নির্মাণ করছিল।

বেশি রাত হলে আলী হোসেন নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় অফিসে নিজের কক্ষে থেকে যেতেন। ১০ অক্টোবর রাতে তিনি মিরপুরের নিজের বাসায় ফেরেননি। ওই ভবনে একজন তত্ত্বাবধায়ক, একজন গাড়িচালক ও বেশ কয়েকজন কর্মচারী থাকতেন।

পুরনো খবর:

আলী হোসেন হত‌্যারহস্য উদঘাটনের দাবি র‌্যাবের