২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল কমিটির নেতৃত্বে এমপিদের মনোনয়ন বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউয়ের সিদ্ধান্ত

স্কুল-কলেজের পরিচালনা পর্ষদে স্থানীয় এমপির সভাপতি পদে মনোনীত হওয়ার বিধান বাতিলের সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করবে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 08:46 PM

Updated : 12 Apr 2022, 03:06 AM

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আফছারুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টা এখন আর মন্ত্রণালয়ের হাতে নেই। আপিল বিভাগের যে রায় এসেছে…মন্ত্রণালয় জানিয়েছে তারা রিভিউ করবে।”

এক রিট আবেদনের শুনানি শেষে গত ১ জুন আইনপ্রণেতাদের নিজস্ব নির্বাচনী এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ার বিধানটিকে ‘সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা করে তারা ওই পদে মনোনীত হিসেবে থাকতে পারবেন না বলে হাই কোর্ট রায় দেয়।

পরে ১২ জুন আপিল বিভাগও হাইকোর্টের ওই রায় বহাল রাখে। ওই সময় সংসদের বাজেট অধিবেশনেও সংসদ সদস্যরা বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ওই রায় ‘আদালতের আওতার বাইরে’ বলে মন্তব্যও করেন।

এদিকে বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারি শিক্ষকদের অবসর ভাতার আবেদন নিষ্পত্তির জন্য ২ হাজার ৫০০ কোটি টাকা দরকার।

কার্যপত্রে বলা হয়, এ খাতে চলতি অর্থবছরে অর্থ মন্ত্রণালয় থেকে ৬৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০০ কোটি টাকা সিড মানি হিসেবে জমা থাকবে। বাকি টাকায় শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা দেওয়া যাবে।

তবে টাকা বরাদ্দ করা হলেও তা তহবিলে জমা হয়নি বলে জানানো হয়েছে।

অবসর সুবিধা বোর্ডের নিজস্ব তহবিল থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যাতে দ্রুত শিক্ষকদের অবসর সুবিধা পরিশোধ যায়, তার জন্য সংশ্লিষ্ট আইন দ্রুত সংশোধনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য একটি নির্দেশিকা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। তবে অর্থ বরাদ্দ না করলে নতুন করে এমপিওভুক্তি করা যাবে না।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় ২৯৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের আওতায় ২৩ হাজার ৩৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী বিতরণ করেছে। ৬ হাজার ৫০৬টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ ফ্রি ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় ৩১ হাজার ৩৪০টি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরি করে আরও ৫ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

আফছারুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুল কুদ্দুস, হাছান মাহমুদ, গোলাম মোস্তফা, এসএম আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু অংশ নেন।

পুরনো খবর:

স্কুল কমিটির নেতৃত্বে এমপি নয়: হাই কোর্টের রায় বহাল
স্কুল-কলেজ কমিটিতে এমপিদের সভাপতি থাকায় ধাক্কা