২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি বদির বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলার রায় ২ নভেম্বর

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাসীন দলের সংসদ সদস‌্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায় হবে আগামী ২ নভেম্বর।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 03:34 PM

Updated : 20 Aug 2022, 01:59 PM

বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদার রায়ের এ দিন ঠিক করেন বলে ওই আদালতের পেশকার আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষে ১৫ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য নিয়ে আদালত মামলাটির রায় দিতে যাচ্ছে।
কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস‌্য বদি এদিন আদালতে উপস্থিত ছিলেন। তিনি বরাবরই দুর্নীতির মাধ‌্যমে সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করে আসছেন।

দুর্নাতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট রমনা থানায় মামলাটি করেন।
এজাহারে বলা হয়, এমপি বদি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কমমূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে বেশি দামে তা বিক্রির মিথ‌্যা তথ‌্য দিয়েছেন।

গত বছরের ৭ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মঞ্জিল মোর্শেদ ঢাকার সিএমএম আদালতে আওয়ামী লীগ এমপি বদির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

অভিযোগপত্রে বদির ৬ কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার অবৈধ সম্পদের তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, তিনি দুদকের কাছে ৩ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

এই মামলায় ২০১৪ সালের ১২ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করার পর বদিকে কিছু দিন কারাগারে কাটাতে হয়েছিল। পরে হাই কোর্ট থেকে জামিন নিয়ে ছাড়া পান তিনি।

পুরনো খবর:

আমি সৎ, ব্যবসা করে খাই: এমপি বদি
‘একেক জায়গায় একেক তথ্য এমপি বদির’