ব্যবসায়ীর সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন
বেলাল হোসেন নামে এক ব্যবসায়ীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী রেশমা আক্তার রিতু।
বেলাল (৪২) লেক্সাস গ্রুপ নামে একটি ব্যবসায়িক গ্রুপের চেয়ারম্যান। আমিন জুয়েলার্সের মালিক কাজী সিরাজুল ইসলামসহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধ ছিল বলে জানান তার স্ত্রী।
কাজী সিরাজ ও বেলালের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে বলে জানান মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলালের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশসহ সংশ্লিষ্ট সবাই তদন্ত করছে।
“দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অনেক মামলা করেছে।”
রেশমা জানান, তার স্বামী কুষ্টিয়া যাওয়ার উদ্দেশে কল্যাণপুরের এসবি পরিবহনের বাস কাউন্টারে অবস্থানের সময় তাকে তুলে নেওয়া হয়।
সেদিনই মিরপুর মডেল থানায় জিডি এবং দুদিনেও সন্ধান না পাওয়ায় অপহরণ মামলা করেন তিনি।
রেশমা বলেন, “সিটি হসপিটালের এমডি শহীদুল বারী, আদম ব্যবসায়ী সাজ্জাদ আহম্মেদ এবং আমিন জুয়েলার্সের মালিক কাজী সিরাজের সঙ্গে আমার স্বামীর ১ কোটি ৭০ লাখ টাকা নিয়ে ঝামেলা রয়েছে।”
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলছে জানিয়ে তিনি বলেন, “তারা আমার স্বামীকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল।”
এই অপহরণে ওই তিন ব্যক্তির যোগসাজশ থাকার অভিযোগ রেশমার। মামলায় এই তিনজন ছাড়াও আরও দুজনকে আসামি করেছেন তিনি।
দুই শিশুর মা রেশমা নয় দিনেও স্বামীর সন্ধান না পেয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি ও র্যাবের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
