কমরেড অজয় রায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড অজয় রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক শোক বার্তায় একথা জানানো হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অজয় রায় তার বর্ণাঢ্য জীবনে বৃটিশবিরোধী আন্দোলন ও স্বাধিকার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করার পাশাপাশি মুক্তিযুদ্ধেও সংগঠকের ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে আমরা শোকাভিভূত।”
অজয় রায়ের মৃত্যুতে জাতি একজন ‘আপাদমস্তক উঁচু মাপের প্রাজ্ঞ রাজনীতিককে হারালো’ মন্তব্য করে এদেশের মানুষের কাছে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান বিএনপির মহাসচিব।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এবং সাম্প্রদায়িক ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় সোমবার ভোরে ধানমন্ডিতে নিজের বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
বিবৃতিতে অজয় রায়ের ‘আত্মার শান্তি কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা’ জানান ফখরুল।
গত শতকে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধিকার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখা অজয় রায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন। পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রেখে গেছেন আজীবন।
