কমরেড অজয় রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড অজয় রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এবং সাম্প্রদায়িক ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় সোমবার ভোরে ধানমন্ডিতে নিজের বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক শোক বিবৃতিতে কমিউনিস্ট কেন্দ্রের সাবেক আহ্বায়ক অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।”
বিবৃতিতে প্রধানমন্ত্রী অজয় রায়ের ‘আত্মার শান্তি কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা’ জানান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত শতকে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধিকার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখা অজয় রায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন। পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রেখে গেছেন আজীবন।
১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জন্ম নেন অজয় রায়। ভারতের বারানসিতে থাকাকালে স্কুলজীবনেই বাম নেতাদের সংস্পর্শে এসে যুক্ত হন কমিউনিস্ট পার্টির সঙ্গে।
আইনজীবী বাবার মৃত্যুর পর ১৯৪৪ সালে বাংলাদেশে ফিরে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি নেন অজয় রায়। এরপর কিশোরগঞ্জের বনগ্রামে দাদার বাড়িতে ফিরে কমিউনিস্ট পার্টির কাজে সক্রিয় হন।
১৯৭২ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন অজয় রায়।
১৯৯৩ সালে কমিউনিস্ট পার্টিতে ভাঙনের পর রূপান্তরিত কমিউনিস্ট পার্টি হয়ে অজয় রায় ও ডা. ওয়াজেদুল ইসলাম খান গঠন করেন কমিউনিস্ট কেন্দ্র।
