প্রেসক্লাবে ৩১ তলা ভবনের ভিত্তি বসছে
৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’র ৩১ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করতে যাচ্ছে জাতীয় প্রেস ক্লাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয়, যা স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতীয় প্রেস ক্লাবে রূপান্তরিত হয়।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নানা চড়াই-উতরাই পেরিয়ে ৬২ বছর পূর্ণ করতে যাচ্ছে জাতীয় প্রেস ক্লাব। এবার আমরা আন্তর্জতিক মানের সকল সুযোগ-সুবিধা সম্বলিত ৩১ তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ্ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করতে সম্মত হয়েছেন।
“এই ভবন আগামী শতকের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি।”
দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় প্রেস ক্লাব। প্রধানমন্ত্রীর ভিত্তি প্রস্তর স্থাপনের পর সন্ধ্যায় সদস্যদের সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরপর রাতে সদস্যদের সন্মানে নৈশভোজ রয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক বিবৃতিতে ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে সব সদস্যকে এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
