শনিবার শিক্ষার্থীদের জন্য ই-টোকেন ছাড়া ভারতীয় ভিসা
ঢাকায় ভারতীয় হাই কমিশন ভ্রমণ ভিসায় ভারত যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ই-টোকেন ছাড়া ভিসা আবেদন জমা নেবে আগামী শনিবার।
আবেদনের সময় শিক্ষার্থীকে তার শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ওই পরিচয়পত্রের একটি সত্যায়িত অনুলিপি ভিসা আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
হাই কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘শুভেচ্ছার নিদর্শন’ হিসেবে সাপ্তাহিক ছুটির দিন শনিবার ই-টোকেন ছাড়া এ ভিসা আবেদন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
“এটি একটি বর্ধিত শুভেচ্ছা উপহার, যা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভারতের ভিসা পাওয়ার পথ সুগম করবে। এ কর্মসূচি বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বন্ধনকেও জোরালো করবে,” বলা হয়েছে বিবৃতিতে।
এর আগে দুর্গাপূজার সময় ৩ থেকে ১৩ অক্টোবর নারীদের জন্য এ ধরনের একটি পরীক্ষামূলক কার্যক্রম চালিয়েছিল ভারতীয় হাই কমিশন।
