২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনুর বাবা-মার কাছে ফেরার ভূমিকায় সংবর্ধিত বরগুনার জামাল

দিল্লী থেকে অপহৃত ভারতীয় শিশু সনুকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ায় ভূমিকার জন্য বরগুনার জামাল ইবনে মুসাকে সংবর্ধনা দিয়েছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 12:12 AM

Updated : 20 Aug 2022, 01:58 PM

সংবর্ধনা অনুষ্ঠান থেকে সন্ধানীকে মরণোত্তর চক্ষু ও দেহদান করেন জামাল।

সোমবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের ‌সুফিয়া কামাল মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়; ‘সংবর্ধনা ও মরণোত্তর চক্ষুদান/দেহদান’ শিরোনামের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

দিল্লির নিউ সীমাপুর যুগি এলাকার বাসিন্দা মাহমুদ ও মাধুরী মমতাজের ছেলে সনু ২০১০ সালে অপহৃত হয়ে বাংলাদেশে ছয় বছর কাটানোর পর চলতি বছরের জুনে বাবা-মায়ের কাছে ফেরত যায়।

বরগুনার বেতাগী উপজেলার জামাল এই শিশুর সন্ধান পেয়ে তাকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। এজন্য যশোরের মানবপাচারবিরোধী সংগঠন রাইটস এবং ঢাকায় মানবাধিকার কমিশনে যোগাযোগ করেছিলেন তিনি। দিল্লি গিয়ে সনুর বাবা-মার খোঁজও বের করেন জামাল।

অনুষ্ঠানের বক্তব্যে সনুকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে মুসার উদ্যোগের পাশাপাশি তার মরণোত্তর চোখ ও দেহদানের প্রশংসা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

গুলশান হামলার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “মানুষ দিনকে দিন যেভাবে নির্দয়- নির্বিকার হয়ে পড়ছে তা খুবই ভয়ানক। আমাদের দেশ উন্নতির দিকে হাঁটছে, চিকিৎসা ক্ষেত্রে আরও উন্নয়ন সম্ভব যদি মুসার মতই সাধারণ মানুষরা মরণোত্তর চক্ষু ও দেহদানে সম্মত হয়।”

বক্তব্যে জামাল বলেন, “আমার কারণে বাংলাদেশের দশ লাখ অন্ধ লোকের কেউ যদি চোখ ফিরে পায়, কেউ যদি সুস্থ হয় তাতে আমার মৃত্যুর পরও শান্তি।”

অনুষ্ঠানটিতে জামালের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আরও ছয়জন তাদের মরণোত্তর দেহ ও চক্ষু দানে সম্মতি দেয়।

অনুষ্ঠানে সংবর্ধনার পাশাপাশি জামালের হাতে একটি স্মার্ট কার্ডও তুলে দেওয়া হয়, যার মধ্যে সন্ধানীর মরণোত্তর চক্ষু ও দেহ দান কর্মসূচির সদস্য হিসেবে তার প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. কামরুল হাসান খান, ডা. হাবিবে মিল্লাত এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সলান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পুরনো খবর:

৬ বছর পর মায়ের কোলে সনু