২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঁচিশে পা রাখল সংস্কৃতি বিকাশ কেন্দ্র

কাল পরিক্রমায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক মিলনকেন্দ্র রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শকেন্দ্রিক সংগঠন বা প্রতিষ্ঠানে পরিণত হলেও রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রটি জ্ঞানপিপাসুদের কাছে এক উন্মুক্ত আশ্রয় হিসেবে টিকে আছে এখনও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 09:25 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

রাজধানীর অন্যতম সাংস্কৃতিক মিলনকেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এসে এভাবেই মূল্যায়ন করলেন কবি-সংস্কৃতিকর্মীরা।

সোমবার বিকালে রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।

উদ্বোধনীতে কবি বলেন, “উদারনৈতিক জ্ঞান ও বুদ্ধির চর্চায় নিবেদিত সীমিতসংখ্যক প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে মানুষের ক্রমবর্ধমান আত্মকেন্দ্রিকতার সঙ্গে লড়াই করে টিকে থাকতে হচ্ছে।

“এমন একটি বিরুদ্ধ স্রোতের মাঝেও দু দশকের অধিক সময় ধরে বাংলাদেশের সংস্কৃতিকর্মী-সমাজসেবী ও জ্ঞানপিপাসুদের একটি প্রধানতম মিলনস্থল ও উন্মুক্ত আশ্রয় হিসেবে টিকে আছে এই কেন্দ্রটি।”

কেন্দ্রের ব্যবস্থাপনা পর্ষদের আহ্বায়ক আসমা চৌধুরী বলেন, “অনতিক্রম্য বিচ্ছিন্নতাবোধ ও সত্তাখণ্ডনের প্রতিরোধে নানাজনের নির্ভার পদচারণা এবং মিথষ্ক্রিয়ার এই স্থানটি আনন্দময় চর্চায় মানুষ গড়ার লক্ষ্যে একটি ‘ইনকিউবেটর’ এর মতো কাজ করছে।”

১৯৯১ সালে ‘চিন্তার ইতিহাসবিভিত্তিক’ একটি পাঠচক্র অবলম্বনে গড়ে উঠা এই প্রতিষ্ঠানটি ‍যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস-এর উপাচার্য অধ্যাপক লিয়াকত আলির হাত ধরে।

সংস্কৃতি বিকাশ কেন্দ্রের নানাবিধ কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনার পর্বে আসমা চৌধুরী জানান, নিয়মিত পাঠচক্র, আলোচনা, লাইব্রেরি ও অন্যান্য অনুষ্ঠান ও কার্যক্রমের মাধ্যমে ‘জ্ঞান, মূল্যবোধ, রুচি ও হৃদয়ের প্রসারতার লক্ষ্যে’ কাজ করে যাবে কেন্দ্র।

উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি মসিহউদ্দিন শাকের বলেন, “সংস্কৃতি বিকাশ কেন্দ্র গণতান্ত্রিক ও মানবিক সমাজ গড়ার জন্য সকল রকমের দুষ্কৃতি বিনাশের লক্ষ্যে কাজ করে বাংলাদেশের অন্যরকম এক বাতিঘর হয়ে আছে, যা সবসময় আলো ছড়ানোর সাথে আনন্দ আয়োজনেও নিবেদিত।”

সোমবার বিকাল ৩টায় অডিও ভিজ্যুয়াল ক্লাব প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজনে করে চলচ্চিত্র প্রদর্শনী, বিকাল ৫টায় কল্পরেখার প্রযোজনায় ছিল শিশুশিল্পীদের আবৃত্তি প্রযোজনা ‘ধানসুপাড়ি পানসুপাড়ি’ এবং ‘রাণী যাবেন বাপের বাড়ি’।

পরে সন্ধ্যা ৮টায় ছিল শিল্পী সায়ানের একক সংগীতসন্ধ্যা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় থাকছে ‘গ্লোবাল ক্যাপিটালিজমে চীনা মোড় ও আমেরিকান প্রতিক্রিয়া’ শীর্ষক একাদেমিয়ার সেমিনার। পরে সন্ধ্যা ৭টায় গম্ভীরা পরিবেশন করবে সূর্য‌্যদিগন্ত শিল্পীগোষ্ঠী।

বুধবার বিকাল সাড়ে ৫টায় দর্শন ক্লাব আয়োজন করবে ‘গণতন্ত্রের জ্ঞানতত্ত্বীয় ভিত্তি’, এতে সভাপতিত্ব করবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সেদিন সন্ধ্যায় আবৃত্তি আসরে পারফর্ম করবে শ্রুতিঘর, ত্রিলোক, স্রোত,স্বরূপ, স্বরবৃত্ত, বাকশিল্পাঙ্গন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ‘প্রসঙ্গ বাংলা কবিতা’ শিরোনামে সেমিনারের আয়োজন করেছে লেখক সম্প্রীতি। এ অনুষ্ঠানে স্মরণ করা হবে প্রয়াত কবি সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী ও রফিক আজাদকে।

এতে প্রধান বক্তা হিসেবে থাকবেন আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবি মুহম্মদ নূরুল হুদা।

সেদিন সন্ধ্যায় থাকছে ধ্রুপদ সংগীতের আসর।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৩টায় অডিও ভিজ্যুয়াল ক্লাবের আয়োজনে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের শেষদিন শুক্রবার বিকাল ৩টায় প্রীতি সমাবেশে থাকছে স্মৃতিচারণ, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও গান। বিকাল সাড়ে ৫টায় থাকছে আনন্দন-এর পরিবেশনা। সন্ধ্যা ৭টায় বিভিন্ন দলের পরিবেশনায় হবে সংগীতসন্ধ্যা।

বিভিন্ন পেশা-নেশার মানুষের মনের খোরাক ও তথ্যের প্রয়োজন মেটাতে সংস্কৃতিবিকাশ কেন্দ্রে রয়েছে খালেদ চৌধুরী পাঠাগার, যাতে প্রায় ৭০০০ নির্বাচিত বইয়ের পাশাপাশি রয়েছে বিভিন্ন জার্নাল, ১৫০০ ম্যাগাজিন।

সংস্কৃতি বিকাশ কেন্দ্রের দর্শন ক্লাব আয়োজন করে ‘চিন্তার ইতিহাস’ শীর্ষক সাপ্তাহিক পাঠচক্র, উন্নয়ন-অর্থনীতি নিয়ে আলোচনার জন্য রয়েছে অর্থনীতি ক্লাব। প্রতি শুক্রবার সন্ধ্যায় শিল্প-সাহিত্য ক্লাব আয়োজন করে সাহিত্যের আড্ডা।

চলচ্চিত্রমোদীদের জন্য এখানে রয়েছে অডিও-ভিজ্যুয়াল ক্লাব। কেন্দ্রের পারফর্মিং আর্টস ক্লাব আনন্দন নিয়মিতভাবেই আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান।