২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের নিরাপত্তা প্রস্তুতি জানতে চায় আইপিইউ

ঢাকায় বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরাম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনে নিরাপত্তায় বাংলাদেশ সরকার কী ব‌্যবস্থা নিচ্ছে, তা জানতে চেয়েছে সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 08:25 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

সামনের বছরের ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় ওই সম্মেলন সামনে রেখে আগামী ২৩ অক্টোবর থেকে জেনেভায় অনুষ্ঠেয় আইপিইউর ১৩৫তম সম্মেলনে সরকারের প্রস্তুতির বিষয়টি লিখিতভাবে জানাতে হবে।

গুলশানে নজিরবিহীন জঙ্গি হামলার প্রেক্ষাপটে আইপিইউ সম্প্রতি বাংলাদেশের সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে অতিথিদের নিরাপত্তার প্রস্তুতি সম্পর্কে জানতে চায়।

গত ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে ওই হামলায় ১৭ জন বিদেশিসহ ২২ জন নিহত হন। ওই ঘটনার পর সেপ্টেম্বরে ঢাকা নির্ধারিত কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলন বাতিল করা হয়।

আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জঙ্গি তৎপরতা বাড়ার কারণে সিপিএ সম্মেলন বাতিল করা হয়েছিল। তাই আইপিইউ সম্মেলনে নিরপত্তা কেমন থাকবে, সে বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে।”

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জঙ্গি কর্মকাণ্ড ইতোমধ্যে ‘সাফল্যের সঙ্গে’ দমন করা হয়েছে। গত কিছু দিনে পরিস্থিতির ‘যথেষ্ট উন্নতি’ হয়েছে। আগামীতে আরও উন্নতি হবে। অতিথিদের নিরাপত্তায় যাতে কোনো সমস্যা না হয়, তা ‘নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ’ করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, আইপিইউ সম্মেলনের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিততে বৃহস্পতিবার সংসদ ভবনে বৈঠক হয়। সেখানে সম্মেলনে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। 

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সংসদ সচিবালয় থেকে স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেলক হক খানকে চিঠি দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, প্রতিনিধিদের থাকার হোটেল ও যাতায়াতের পথে ‘নিশ্ছিদ্র’ নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, চলতি মাসে জেনেভায় অনুষ্ঠেয় আইপিইউ সম্মেলনে বাংলাদেশের সার্বিক প্রস্তুতিসহ নিরাপত্তার সব পদক্ষেপ লিখিতভাবে জানাতে হবে।  

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল জেনেভার ওই সম্মেলনে অংশ নেবে।

সেখানে সরকারের পক্ষ থেকে ঢাকায় অনুষ্ঠেয় ১৩৬তম সম্মেলনের আমন্ত্রণ বার্তা এবং প্রস্তুতি সম্পর্কে সরকারের বক্তব্য উপস্থাপন করা হবে।

আইপিইউর ১৭০টি সদস‌্য ও ১১টি সহযোগী দেশের দেড় হাজারের বেশি প্রতিনিধি আগামী এপ্রিলে ঢাকার সম্মেলনে অংশ নেবে। তাদের মধ‌্যে থাকতে পারেন ৫৫টি দেশের পার্লামেন্টের স্পিকার। রাজধানীর ২৭টি হোটেলে এই অতিথিদের থাকার ব‌্যবস্থা হবে।

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইপিইউ সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।