২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক ‘অবমাননাকারী’ ইউপি চেয়ারম‌্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

হাই কোর্টের এক বিচারপতিকে নিয়ে ফেইসবুকে মানহানিকর পোস্ট দেওয়া, সরকারি গাছ চুরিসহ বিভিন্ন মামলার আসামি মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাসের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 10:34 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

একই উপজেলার দীনেশ চন্দ্র বিশ্বাসের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ এই আদেশ দেয়।

একইসঙ্গে বিধান বিশ্বাসকে চেয়ারম্যান পদ থেকে কেন অপসারণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন এবং চেয়ারম্যান বিধান বিশ্বাসকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, রিয়াজুর রহমান খান।

আবেদনে বলা হয়, ঝালকাঠী জেলার কাঁঠালিয়া থানার শৌলজালিয়া গ্রামের মোকশেদ আলীর ছেলে মো. মিরাজুর রহমানকে লিবিয়ায় পাঠানোর জন্য আড়াই লাখ টাকা নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগে বিধান বিশ্বাসের বিরুদ্ধে করা ওই মামলা ঢাকা মহানগর আদালতে বিচারাধীন।ওই মামলায় ২০১৪ সালে বিধান বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই থেকে তিনি আদালতের নথিতে পলাতক।

নির্বাচনী হলফনামায় এই তথ্য গোপন করে চেয়ারম্যান হওয়া এই ব্যক্তির ওই পদে কাজ চালিয়ে যাওয়া বেআইনি যুক্তি দেখিয়ে রিট আবেদনটি করা হয়।

অন্য এক রিট আবেদনে গত ৫ অক্টোবর বিধান বিশ্বাসসহ অন্য আসামি এবং তাদের আশ্রয়দাতাদের গ্রেপ্তারে নির্দেশ দিয়েছিল হাই কোর্টের আরেকটি বেঞ্চ।