২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডম-ইনোর চেয়ারম্যান ও এমডিকে গ্রেপ্তারে পরোয়ানা

বিশ্বাসভঙ্গ ও হয়রানির অভিযোগে আদালতে হাজির না হওয়ায় আবাসন প্রতিষ্ঠান ডম-ইনো ডেভলপমেন্টস লিমিটেডের চেয়ারম্যান রিজোয়ানা ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালামকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 06:50 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

গত ১০ অক্টোবর ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসানের জারি করা পরোয়ানা আদেশ রোববার বনানী থানায় পাঠানোর কথা রয়েছে বলে মামলার বাদীর আইনজীবী মাহমুদুল হাসান জানিয়েছেন।

এ বিষয়ে ডম-ইনো গ্রুপের আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ কোনো কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন।

মামলার আরজি থেকে জানা যায়, ২০০৮ সালের ৪ মার্চ বাদী শামসুদ্দিন তার বনানীর জমিতে বাড়ি তৈরি করতে ডম-ইনোর সঙ্গে চুক্তি করেন। চুক্তির শর্তানুযায়ী, বাড়িটিতে ডম-ইনো ও বাদীর সমান মালিকানা থাকার কথা।

ডম-ইনো যথাসময়ে বাড়ি বুঝিয়ে দিতে না পারলে শামসুদ্দিনকে বাড়িভাড়া বাবদ প্রতিমাসে ১০ লাখ টাকা করে দেবে বলেও চুক্তিতে রয়েছে।

চুক্তি অনুযায়ী ২০১০ সালের ১৪ জুলাই বাদী তার জমি খালি করে দেন। ২০১৩ সালের ১৩ জুলাই বাড়ি তৈরি করে বাদীকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল ডম-ইনোর।

কিন্তু বাদী নির্ধারিত সময়ে বাড়ি না পেয়ে ক্ষতিপূরণ বাবদ ২০১৩ সালের ৫ ডিসেম্বর ও গত বছরের ২৫ অক্টোবর তিন কোটি ২০ লাখ টাকা দাবি করেন।

আরজিতে বলা হয়, টাকা না পেয়ে বাদী বনানী থানায় সাধারণ ডায়েরি করলে আসামিরা ৪৭ লাখ টাকা পরিশোধ করে দুই কোটি ৭২ লাখ টাকা পরে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

তারপরও যথাসময়ে বাড়ী ও বকেয়া টাকা না পেয়ে শামসুদ্দিন ঢাকার মহানগর হাকিম নুরু মিয়ার আদালতে গত ১৪ মার্চ রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৯, ২৭ ও ৩০ ধারায় মামলা করেন। ওইদিনই বিচারক বনানী থানার ওসিকে অভিযোগ তদেন্তর নির্দেশ দেন।

ওসি (তদন্ত) মো. ওয়াহিদুজ্জামান ২৫ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে।

তদন্ত প্রতিবেদন পেয়ে আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু আসামিরা হাজির না হওয়ায় গত ১০ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

আইনজীবী মাহমুদুল হাসান জানান, টাকার জন্য দিনের পর দিন ডম-ইনোর অফিসে ঘুরেও কোনো লাভ হয়নি।

“ডম-ইনোর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ মামলার বাদী শামসুদ্দিন ঢাকার জেলা জজ আদালতে একটি আরবিট্রেশন মিস মামলা করেছেন। সে মামলায় ডম-ইনো যেন এ প্রকল্পে কোনো ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তর করতে না পারে সে ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।”