২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরের ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নাকচ

মোহাম্মদপুর থানার ওসি ও দুই পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে এক আইনজীবীর আনা চাঁদাবাজির অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করার আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 04:21 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

ঢাকা বারের সদস্য কুতুবউদ্দিন আহমেদ রোববার ঢাকার হাকিম আদালতে ওই অভিযোগ আনেন। জজ কোর্ট ও হাই কোর্টে প্র্যাকটিসের পাশাপাশি তিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবেও কাজ করেন।

মোহাম্মদপুর থানার ওসি মো. জামালউদ্দিন মীর (ওসি), এসআই মো. রাজীব, এএসআই মো. খোরশেদ এবং একটি অবাসন নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. মামুন হোসাইন ও মো. সোহেলের বিরুদ্ধে এই মামলার আবেদন করেন তিনি। 

মহানগর হাকিম মো. খুরশীদ আলম সকালে এ বিষয়ে শুনানি করার পর দুপুরে আবেদনটি খারিজ করে দেন বলে এ আদালতের পেশকার মো. রিয়াজ জানান।

কুতুবউদ্দিনের আবেদনে বলা হয়, উত্তরাধিকার সূত্রে মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকার ৩৩৯/এ নম্বর বাড়ির মালিক তিনি। সংস্কার কাজের জন্য কিছুদিন আগে তিনি ওই বাড়ি ছেড়ে অন্য একটি বাড়ি ভাড়া নেন।

সংস্কার কাজ শেষে গত ৯ অক্টোবর নিজের বাড়িতে উঠতে গেলে মামুন ও সোহেল তাকে বাধা দেন এবং মোহাম্মদপুর থানার ওসির ‘অনুমতি’ নিয়ে আসতে বলেন বলে  কুতুবউদ্দিনের ভাষ‌্য।

এই আইনজীবী বলছেন, বাসায় ঢুকতে না পেরে তিনি ওসিকে ফোন দিলে কিছুক্ষণ পর এসআই রাজীব ও খোরশেদ ঘটনাস্থলে যান। তারা তাকে গ্যারেজে নিয়ে গিয়ে ৪৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে পুরনো মামলার আসামির তালিকায় নাম ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন।

আবেদনে কুতুবউদ্দিন বলেন, তিনি আইনজীবী পরিচয় দিয়ে প্রথমে টাকা দিতে অস্বীকার করলেও ‘অনবরত হুমকি ও লাঞ্ছনার’ প্রেক্ষিতে দুই লাখ টাকা দিতে বাধ‌্য হন।

মামলার আবেদন নাকচ হয়ে যাওয়ার পর কুতুবউদ্দিনের আইনজীবী মাহবুব হাসান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক সঠিক আদেশ দেননি। অভিযোগের অবশ্যই সত্যতা আছে। আমরা উচ্চ আদালতে আবেদন করব।”

ওই ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৯ অক্টোবর আলোচিত ওই বাড়ি নিজের লোকজন নিয়ে অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়েছিলেন কুতুবউদ্দিন। এসময় কয়েকজনকে মারধরও করা হয়। খবর পেয়ে পুলিশ গেলে তারা পালিয়ে যায়।” 
এই ঘটনায় কুতুবউদ্দিন এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, কুতুবউদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।