২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ব্রিকস-বিমসটেক সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে রোববার ভারতের গোয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 01:58 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

প্রধানমন্ত্রী রোববার সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন।

গোয়ায় ১৫ ও ১৬ অক্টোবর অষ্টম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের ব্রিকস সদস্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমের, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন।

বিসমটেকভুক্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী অং সান সু চি, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আউটরিচ সামিটে অংশ নিচ্ছেন।

রোববার দুপুরে বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের সম্মানে গোয়ার মুখ্যমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিকালে আউটরিচ সামিটের আগে বিমসটেক নেতাদের রিট্রেটে অংশ নেবেন তিনি।

রোববার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে দেশে ফিরবেন।