২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় পিকআপ ছিনতাইয়ে গ্রেপ্তার ১

ঢাকার বাড্ডায় মাল বোঝাই পিকআপ ছিনতাইয়ের ঘটনায় গাজীপুরের জয়দেবপুর থেকে মনির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 02:30 AM

Updated : 20 Aug 2022, 01:56 PM

বাড্ডা থানা পুলিশের দেওয়া অভিযোগপত্র থেকে বাদ পড়া মনিরকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় বলে পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান।

তিনি বলেন, এই মনির হোসেনের কোনো ঠিকানা না পেয়ে থানা পুলিশ চার্জশিট থেকে তাকে বাদ দিয়েছিল। আদালত চার্জশিট গ্রহণ না করে পুনরায় তদন্তের দায়িত্ব দিলে মনিরের সংশ্লিষ্টতা পেয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই।

২০১৩ সালের ৮ এপ্রিল বাড্ডা থানা এলাকার হাজী সিরাজ মার্কেটের সামনে থেকে সয়াবিন তেলবোঝাই একটি পিকআপ ছিনতাই হয়।

এই ঘটনায় একটি মামলা হয় বাড্ডা থানায়। মামলা তদন্তকালে তদন্তকর্মকর্তা বনানী এলাকা থেকে পিকআপ এবং গাজীপুরের জয়দেবপুরের মনিরের গুদাম থেকে কিছু মালামাল উদ্ধার করে।

পরবর্তীতে মনিরকে খুঁজে না পাওয়া বা ঠিকানা সঠিক পাওয়া যায়নি বলে থানা পুলিশ প্রায় দুই বছর পর ২০১৫ সালের ২০ মে চার্জশিট দাখিল করে।

পিবিআই কর্মকর্তা আজাদ জানান, আদালত তদন্তের দায়িত্ব দেওয়ার পর তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক ফরিদউদ্দিন ঘটনাস্থল এবং মালামাল উদ্ধারস্থল পরিদর্শন করেন।

পরে দেখা যায় ‘মনির স্টোর’ নামের যে গুদাম থেকে চোরাই তেল উদ্ধার হয়েছিল, সেখানে ‘মা বাবার দোয়া জেনারেল স্টোর’ নাম দিয়ে মনির ব্যবসা করছেন।

“এরপরেই তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তথ্য অনুসন্ধান চালায় এবং বৃহস্পতিবার বিকালে জয়দেবপুরের বোর্ড বাজার বড় মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে তেলবোঝাই গাড়ি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।”